রাজনৈতিক সমস্যা সমাধানে সার্ক ও বিমসটেক ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর িবস মিলনায়তনে গতকাল বক্তৃতা করেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা
রাজধানীর িবস মিলনায়তনে গতকাল বক্তৃতা করেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা

আঞ্চলিক সংস্থা হিসেবে সার্ক ও বিমসটেক রাজনৈতিক সমস্যা সমাধানে সাংঘাতিকভাবে ব্যর্থ বলে মনে করেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা।

গতকাল মঙ্গলবার ঢাকায় এক বক্তৃতার প্রশ্নোত্তরপর্বে রোহিঙ্গা সমস্যার বিষয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) তাদের ইস্কাটনের মিলনায়তনে ‘বিভক্ত সমাজে সংহতি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুশাসন: শ্রীলঙ্কার শিক্ষা’ শীর্ষক এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমদ। স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান।

চন্দ্রিকা কুমারাতুঙ্গা ১৯৯৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। শ্রীলঙ্কায় স্বাধীন তামিল ভূখণ্ডের জন্য ২৬ বছর ধরে সশস্ত্র বিদ্রোহ চলে। সেই গৃহযুদ্ধ ২০০৯ সালে শেষ হয়। এই যুদ্ধের সমাপ্তি টানতে তাঁর সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চন্দ্রিকা বলেন, শ্রীলঙ্কার মুসলিম, তামিল ও সিংহলি জাতিগোষ্ঠীর মধ্যে মোটা দাগের বৈষম্য ছিল। এই বৈষম্যের কারণে গত শতকের আশির দশকে যে গৃহযুদ্ধ শুরু হয় তার কারণে শ্রীলঙ্কাকে চড়া মূল্য দিতে হয়েছে। তিনি সন্ত্রাসবাদকে দক্ষিণ এশিয়ার চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

রোহিঙ্গা সমস্যা নিয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর প্রশ্নের জবাবে চন্দ্রিকা বলেন, সার্ক ও বিমসটেক এ অঞ্চলে রাজনৈতিক সমস্যা সমাধানে সাংঘাতিকভাবে ব্যর্থ। ভারত ও চীনকে একসঙ্গে সামলানোর শ্রীলঙ্কার নীতি বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে খুব বেশি বলতে পারব না। কৌশলগত কারণে দুটি দেশই যে বন্দরের বিষয়ে আগ্রহী হয়েছিল, শ্রীলঙ্কার সর্বশেষ সরকার সেটি উন্নয়নের কাজ দিয়েছে চীনকে। এটাকে ভারসাম্য করতে কলম্বো বন্দরের নতুন উন্নয়নের কাজটি সম্ভবত ভারত পেতে যাচ্ছে।’

রাজনীতিতে কী করে ভালো ও শিক্ষিত মানুষদের আনা যায় সে বিষয়ে প্রশ্নের জবাবে চন্দ্রিকা কুমারাতুঙ্গা বলেন, ‘আমার তো মনে হয় আমরা হাজার বছর ধরে এ সমস্যার সমাধান খুঁজছি। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম সেই সংসদে ১০ জনের বেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা সাংসদ ছিলেন না। আমি এখনকার সংসদের বিষয়ে কিছু বলতে চাই না।’

দক্ষিণ এশিয়ায় নারী নেতৃত্বের ধরন ও ফল সম্পর্কে এক প্রশ্নের জবাবে চন্দ্রিকা বলেন, ‘আমি মনে করি পুরুষ ও নারীদের মধ্যে তেমন কোনো তফাত নেই। যখন নারীরা একটি দেশের নেতা হয় তখন অনেক বেশি কেয়ারিং হয়। তবে কিছু নেতিবাচক বিষয়ও আছে। আমি নাম বলতে চাই না। এমন কিছু নারী ক্ষমতায় এসেছেন, কিন্তু এর জন্য তাঁদের কোনো প্রস্তুতি ছিল না। তাঁরা উপদেষ্টানির্ভর, দুর্বল নেতায় পরিণত হন।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা ও অবসরপ্রাপ্ত জেনারেল আমসা আমিন, রাষ্ট্রদূত, বেসামরিক-সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

লন্ডনভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা গ্লোবাল লিডারশিপ ফাউন্ডেশনের সদস্য হিসেবে চার দিনের সফরে গত রোববার বাংলাদেশে আসেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা।