৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে তুলে দেওয়া ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক পক্ষ ভিএক্সের (ভার্সিটি এক্সপ্রেস) নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় নগরের প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘আমরা তো চাই যারা বৈধ শিক্ষার্থী তারা হলে উঠুক। কিন্তু ক্যাম্পাাসে তো দুই পক্ষ মারামারিতে লিপ্ত, যা আমাদের সামাল দিতে কষ্ট হচ্ছে। এ জন্য আমরা চাই চলমান পরিস্থিতির রাজনৈতিক সমাধান হোক।’
এর আগে রোববার ভিএক্স এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের সংঘর্ষ ও গুলির ঘটনায় উত্তপ্ত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ওই দিন বিকেলে শাহজালাল ও শাহ আমানত হলে অভিযান চালিয়ে দুই পক্ষের ৬২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাঁরা জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন। তাঁরা সবাই মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভিএক্স পক্ষের নেতা ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য শাহরিয়ার তানিম। তিনি বলেন, ‘আমরা ৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট মহলকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানাই। এরই পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি আমরা ক্লাস-পরীক্ষায় অংশ নিতে শাহজালাল হলে যাই। এ সময় সিএফসির নেতা-কর্মীরা বিনা উসকানিতে ধারালো অস্ত্র, রামদা, কিরিচ ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। কিন্তু প্রকাশ্যে তাঁরা অস্ত্রের মহড়া দিলেও পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এ জন্য আমরা পুলিশের ঊর্ধ্বতন মহলকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে হাটহাজারী থানার ওসি ইসমাইলকে অপসারণ করে একজন দায়িত্ববান ও চৌকস কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছি।’
শাহরিয়ার তানিম আরও বলেন, ‘আমাদের প্রথম পরিচয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু আগের মতো সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের ওপর দায়ভার চাপাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
ভিএক্স পক্ষের অন্য তিনটি দাবি হলো তাপস হত্যার তদন্ত সিআইডির কাছে হস্তান্তর করে প্রকৃত খুনিদের আইনের আওতায় আনা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ও গত বছরের ২৭ সেপ্টেম্বর শাহজালাল হলে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে তানভিরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, মোহাইমিনুল হক, রায়হানুল কাদের, আকাশ মিত্র, সাদেক হোসাইন, মিজানুর রহমানসহ ভিএক্স পক্ষের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।