রাজনৈতিক সম্প্রীতিতে পুলিশের অপ্রীতি!

>
- বাসাবাড়িতে তল্লাশি অভিযান, ধরপাকড়
- দুটি মামলায় বিএনপির ৭২ নেতা-কর্মী আসামি
নির্বাচন যত ঘনিয়ে আসছে, সিলেটে পুলিশের ধরপাকড় ও তল্লাশি অভিযান ততই বাড়ছে। বিএনপির নেতাদের অভিযোগ, গত দুই দিনে তাঁদের ছয়জন নেতাকে গ্রেপ্তার এবং এক সপ্তাহে অন্তত অর্ধশত নেতার খোঁজে পুলিশ বাসাবাড়িতে তল্লাশি চালিয়েছে। এক সপ্তাহ আগেও এমন পরিস্থিতি ছিল না।
জানা গেছে, ২১ জুলাই দুপুরে দুই কর্মীকে ছাড়াতে মহানগর পুলিশের উপকমিশনারের (দক্ষিণ) কার্যালয়ের সামনে আরিফুল হক চৌধুরীর অবস্থান নেওয়া ঘটনায় গোয়েন্দা পুলিশ এবং টুলটিকর এলাকায় নৌকা প্রতীকের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের এক নেতা মামলা করেছেন। দুটি মামলায় বিএনপির ৭২ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের আশঙ্কা, এমন ধরপাকড়, মামলা ও ভীতি প্রদর্শনের ঘটনা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকা কঠিন হবে। তাঁরা বলছেন, গত সাত দিনে বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক অন্তত চারটি অনুষ্ঠানে পাশাপাশি বসে বক্তব্য দিয়েছেন, কোলাকুলিও হয়েছে দুজনের। কাছাকাছি দূরত্বে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী গণসংযোগ করেছেন। এখন পর্যন্ত দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা বা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গত কয়েক দিনে পুলিশ যেভাবে বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে তল্লাশি ও গ্রেপ্তার অভিযান শুরু করেছে, তাতে আতঙ্ক ছড়াচ্ছে। এর ফলে সিলেটের এত দিনকার রাজনৈতিক সহাবস্থান ও সম্প্রীতিতে চিড় ধরার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রসঙ্গত, ধানের শীষের নির্বাচনী প্রচার চালানোর সময় সুমন আহমদ ও রাসেল আহমদ নামের দুই কর্মীকে পুলিশ আটক করে। খবর পেয়ে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক মহানগর পুলিশের উপকমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে যান। কিন্তু পুলিশ দুই কর্মীকে আটকের কথা স্বীকার না করায় তিনি নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে পুলিশ সুমন ও রাসেলকে আদালতে পাঠালে আরিফুল হক সেখান থেকে চলে যান।
এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ফয়েজ আহমেদ বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে শাহ পরান থানায় মামলা করেন। এ মামলায় রোববার রাতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আইনজীবী সাঈদ আহমদ গ্রেপ্তার হন। একই ঘটনায় আরিফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুর রাজ্জাকের ছেলে রুমন রাজ্জাকও গ্রেপ্তার হন। অন্যদের বাসায় পুলিশি তল্লাশি চলছে। অভিযোগে করা হয়, পুলিশ সাঈদকে গ্রেপ্তারের আগে নির্বাচন কার্যক্রম থেকে সরে যেতে বলেছিল।
শাহ পরান থানা–পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ, আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুর রাজ্জাক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সহসভাপতি সালেহ আহমদ খসরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, যেকোনো নাগরিকের অধিকার আছে প্রতিবাদ করার। তার জন্য মামলা করতে হবে, এটা ঠিক নয়। আর নির্বাচন কমিশন এখন পর্যন্ত একটি অভিযোগেরও শাস্তি দেয়নি। কমিশন সক্রিয় থাকলে পুলিশ এভাবে মামলা ও গ্রেপ্তার করতে পারত না।
এদিকে গত শনিবার গভীর রাতে নগরীর টুলটিকর এলাকায় বুরহান উদ্দিন-গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত আওয়ামী লীগ প্রার্থীর একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে টাঙানো শামিয়ানার একটি অংশ, কিছু পোস্টার, লিফলেট ও ব্যানার পুড়ে যায়। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৩৩ জনের বিরুদ্ধে শাহ পরান থানায় মামলা হয়েছে।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আসাদউদ্দিন আহমদ উল্টো সম্প্রীতি নষ্ট করার জন্য বিএনপির মেয়র প্রার্থীকে দায়ী করেন। তিনি বলেন, ‘উনি (আরিফুল হক) একের পর এক ভুয়া অভিযোগ দিয়ে সম্প্রীতি নষ্ট করছেন। সরকারি দল হয়েও আমরা নানা হয়রানির শিকার। উনাদেরও বুঝতে হবে, নির্বাচনের পর সবাইকে এক শহরে মিলেমিশে থাকতে হবে।’
বিএনপির নেতা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ভয়ে বাসায় থাকতে পারছি না। আমাকে না পেয়ে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আমার ছেলে রুমন রাজ্জাককে পুলিশ নিয়ে গেছে। অথচ সে রাজনীতি করে না। আমাকে চাপে রাখতেই পুলিশ অন্যায়ভাবে ছেলেকে গ্রপ্তার করেছে।’
সম্প্রীতি নষ্ট করছে কিছু পুলিশ
গতকাল দুপুরে নগরীর কাজীটুলা উঁচা সড়কে আরিফুল হক চৌধুরী তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নৌকা প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগ করেন। নির্বাচন কমিশনাররা সিলেটে এসে বলেছিলেন, নির্বাচন কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং পুলিশ নির্বাচনকালীন শুধু রুটিনওয়ার্ক করবে। কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা ভিন্ন আচরণ করছেন। নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছেন।
আরিফুল হক এক পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন, ‘শাহ পরান থানার ওসি আখতার হোসেন বেশি বাড়াবাড়ি করছেন। তিনি অতি উৎসাহী হয়ে নেতা-কর্মীদের বাসায় তল্লাশি চালাচ্ছেন। সিলেটে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি রয়েছে। এই সম্প্রীতি নষ্ট করছেন কিছু পুলিশ কর্মকর্তা। সরকার তো বলেনি নির্বাচনের আগে এমন পরিস্থিতি তৈরি করতে। তাহলে কার স্বার্থে পুলিশ এমন হয়রানি করছে?’
জানতে চাইলে ওসি আখতার হোসেন বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করছে। আরিফুল হকের অভিযোগ ঠিক নয়।
রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যেসব অভিযোগ আসছে, সবকিছুই তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছেন। সব প্রার্থীকেই সমান চোখে দেখা হচ্ছে। কারও প্রতিই তাঁদের কোনো পক্ষপাতিত্ব নেই।’