রাজনৈতিক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। সে জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহাল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠনের সুপারিশ করেছে বিকল্পধারা বাংলাদেশ। গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে দলটি এ সুপারিশ করে।সংলাপে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে আইন প্রণয়নের সুপারিশ করেছে। বেলা ১১টায় বঙ্গভবনে অনুষ্ঠিত সংলাপ শেষে বিকল্পধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের জানান, তাঁদের প্রস্তাব বাস্তবায়ন করতে হলে এখনই নির্বাচন কমিশন পুনর্গঠন না করে বর্তমানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও দুই নির্বাচন কমিশনারকে আগামী তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত বহাল রাখার সুযোগ দিতে হবে। পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর তাঁরা নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন। এ কাজ করতে হলে বর্তমান সিইসি ও দুই নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হওয়ার আগেই সংবিধান সংশোধন করতে হবে। বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রয়োজন আছে বলেই হাইকোর্ট আরও দুই মেয়াদের জন্য এ ব্যবস্থা রাখতে বলেছেন।’বর্তমান সিইসি ও দুই নির্বাচন কমিশনারের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। তার আগে সংবিধান সংশোধন করা সম্ভব কি না, জানতে চাইলে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এই সংসদে ঢাকাকে চার মিনিটে দুই ভাগ করা হয়েছে। সুতরাং ইচ্ছা থাকলে ফেব্রুয়ারির আগেই সংবিধান সংশোধন করা সম্ভব। সংলাপে বিকল্পধারার ১৪ সদস্যের প্রতিনিধিদলে বদরুদ্দোজা চৌধুরী ছাড়াও মহাসচিব এম এ মান্নান, কেন্দ্রীয় নেতা আহসান উল্লাহ, কাজী কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে ন্যাপের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক সাংবাদিকদের বলেন, ন্যাপের পক্ষ থেকে কমিশন গঠনের জন্য সংবিধানের আলোকে আইন করার সুপারিশ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাষ্ট্রপতির এখতিয়ারে নেই। এটি সংসদের ব্যাপার। এ নিয়ে ন্যাপ কোনো আলোচনাও করেনি। সংলাপে ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ আমেনা আহমেদ, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় নেতা সন্তোষ চৌধুরী প্রমুখ অংশ নেন।