প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু ভোটার তালিকা করা কঠিন। তাই অতীতে রাজনৈতিক সরকারের অধীনে কখনো সুষ্ঠু ভোটার তালিকা তৈরি হয়নি। ২০০৭-০৮ সালে একটি বিশেষ সময় থাকার কারণে সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করা সম্ভব হয়েছে।গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের কর্মকর্তাদের এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এসব কথা বলেন। কর্মশালায় অপর দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।সিইসি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভোটার তালিকা তৈরিতে পুরো রাষ্ট্রই সহযোগিতা করেছে। কিন্তু রাজনৈতিক সরকারের সময় এসব সুযোগ-সুবিধা না পাওয়ার আশঙ্কা থেকে যায়।নির্বাচন কমিশন বিষয়ে আইন সংস্কারের উদ্যোগ কমিশনের কাছেই থাকা উচিত বলে শামসুল হুদা মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ দায়িত্বটি সরকারের কাছে থাকা ঠিক নয়। ইসির ওপর এখনো জনগণের আস্থা রয়েছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ আস্থা আরও বাড়াতে হবে। ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে অনেক দল বিরোধিতা করেছে। তার পরও বেশ কিছু নির্বাচনে ইভিএম ব্যবহার করে এ পদ্ধতি আমরা এগিয়ে নিয়েছি। একসময় সব দল এর ইতিবাচক দিকটি বুঝতে পারবে।’কর্মশালায় ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর মূল্যায়ন, পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা ও দুই বছর মেয়াদি নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনার বিষয়ে আলোচনা হয়।