ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ২০১৩ সালের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশে গণতান্ত্রিক জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য একতরফা নির্বাচন, সংসদ বর্জন এবং রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার লন্ডনে পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ‘২০১৩ সালের মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক প্রতিবেদন। এতে বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির যে মূল্যায়ন তুলে ধরা হয়েছে, তাতে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা এবং রানা প্লাজা ধসে প্রাণহানির বিষয় দুটি নিয়ে আলাদা বিবরণী প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে আর যেসব দেশকে নিয়ে এ রকম আলাদা দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে সেগুলো হলো: মিসর, বাহরাইন, ইথিওপিয়া, নাইজেরিয়া ও রুয়ান্ডা। প্রতিবেদনে বলা হয়, নিম্নমুখী কক্ষপথে থাকা এসব দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন।
প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের ডিসেম্বরে বাংলাদেশে সংসদীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুজ্জীবিত হওয়ার পর গত পাঁচ বছরে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু সংঘাতপূর্ণ এবং সহিংস রাজনৈতিক সংস্কৃতির কারণে কোনো অর্থপূর্ণ সংস্কার হয়নি। এ কারণেই দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় নিন্দনীয় মাত্রায় সহিংসতা ও ভীতি প্রদর্শন চলেছে। বাধাগ্রস্ত হয়েছে অর্থনৈতিক প্রক্রিয়া।
প্রতিবেদনে বলা হয়, এনজিওসহ বিভিন্ন হিসাবে ২০১৩ সালে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এঁদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ২১৫ জন। সংখ্যালঘু সম্প্রদায় হামলা এবং ভীতি প্রদর্শনের শিকার হয়েছে। রাজনৈতিক দলগুলোর আরোপিত হরতাল এবং অবরোধের সময় যানবাহন ও সম্পদের ওপর হামলায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ নাগরিকেরা। এসব ঘটনা বাড়তে থাকার পাশাপাশি বিরোধী রাজনীতিকদের গ্রেপ্তারের হারও বাড়তে থাকে এবং সমাবেশের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপিত হয়। বছরটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের অভিযোগ অব্যাহত ছিল।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সরকার সব ধরনের সহিংসতা এবং মাত্রাতিরিক্ত শক্তিপ্রয়োগের বিষয়ে বারবার নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রানা প্লাজা ধসের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাকশিল্পে মৌলিক মানবাধিকারের বিষয়গুলো সমাধানে বাংলাদেশ সরকার, ব্রিটিশ কোম্পানি এবং তাদের সরবরাহকারীদের সঙ্গে যুক্তরাজ্য কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে ব্রিটিশ সহযোগিতা অব্যাহত থাকবে।
মূল প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মানবাধিকারকর্মীদের অবস্থার অবনতি হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান খানের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে বলা হয়, এ বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন মামলাটির ওপর নজর রাখছে।