রাজনৈতিক সহিংসতায় ভুগছেন সিলেটের গুরুত্বপূর্ণ তিনটি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের জেরে প্রতিষ্ঠান তিনটির ছাত্রাবাস বন্ধ রয়েছে। এ কারণে চরম আবাসন-সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। তাঁরা মেসে থাকতে গিয়ে অতিরিক্ত খরচসহ নানা সমস্যা মোকাবিলা করছেন।
এই তিনটি প্রতিষ্ঠান হচ্ছে সিলেট সরকারি এমসি কলেজ, মদনমোহন কলেজ ও সিলেট সরকারি কলেজ।
সাধারণ শিক্ষার্থীদের দাবি, দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে বন্ধ ছাত্রাবাসগুলো চালু করা হোক।
শুরু থেকেই মেসে আছেন এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দন দাশ। তিনি বলেন, ‘অবিবাহিত হওয়ায় বাড়ির মালিকেরা ছাত্রদের বাসা ভাড়া দিতে চান না। পাওয়া গেলেও মাত্রাতিরিক্ত ভাড়া। তা ছাড়া পর্যাপ্ত নিরাপত্তার অভাব, অতিরিক্ত খরচ ও গৃহকর্মীর সংকট তো আছেই।’
জানা যায়, সরকারি এমসি কলেজে ২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় কলেজের একমাত্র ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ। এতে ছাত্রাবাসের ছয়টি ব্লকের মধ্যে তিনটি ব্লকের ৪২টি কক্ষ পুড়ে যায়। পরে কর্তৃপক্ষ ছয়টি ব্লকই বন্ধ করে দেয়।
কলেজ সূত্র জানায়, এই ছয়টি ব্লকে ২৪৪ জন ছাত্রের আবাসনসুবিধা ছিল। ইতিমধ্যে এটির সংস্কার শেষ হয়েছে। ২০১৩ সালের ৯ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর উদ্বোধনও করেছেন। কিন্তু গ্যাস-সংযোগ না থাকায় ছাত্রাবাসটি চালু করা যাচ্ছে না।
সিলেটে বেসরকারি কলেজগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো মদনমোহন কলেজ। ২০০২ সালে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য কলেজ ও হোস্টেল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কয়েক মাস পর শিক্ষা কার্যক্রম শুরু হলেও হোস্টেলটি আর চালু হয়নি।
একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সিলেট সরকারি কলেজের ছাত্রাবাসও। ছাত্রলীগ ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি ‘শিবির খেদাও’-এর নামে ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ ঘটায়। তারা আবাসিক শিক্ষার্থীদের বের করে দিয়ে ছাত্রাবাসের ৫২টি কক্ষের দখল নেয়। পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ করে দেয়।
এমসি কলেজে বর্তমানে সাড়ে ১২ হাজার শিক্ষার্থী। সরকারি কলেজে পড়াশোনা করছেন সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী। আর ১০ হাজার শিক্ষার্থী আছেন মদনমোহন কলেজে। সব মিলিয়ে ২৬ হাজার শিক্ষার্থী আছেন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে। এর মধ্যে অন্তত ২০ হাজার শিক্ষার্থী শহরের বাইরের। তাঁদের বেশির ভাগই ছাত্রাবাসের অভাবে মেসে থেকে পড়াশোনা করছেন। কেউ কেউ আছেন আত্মীয়স্বজনের বাড়িতে।
জানতে চাইলে তিন কলেজের অধ্যক্ষই রাজনৈতিক সহিংসতার কারণে ছাত্রাবাস বন্ধের বিষয়টি স্বীকার করেন। তাঁরা বলেন, ছাত্রাবাস না থাকায় শিক্ষার্থীরা চরম আবাসন সমস্যায় ভুগছেন। এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বলেন, যত দ্রুত সম্ভব তাঁর ছাত্রাবাসটি চালু করা হবে। আর্থিক অসংগতির কারণে আপাতত ছাত্রাবাস নির্মাণের কোনো পরিকল্পনা নেই বলে জানালেন মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।
আর সরকারি কলেজের অধ্যক্ষ আশফাক আহমদ বললেন, ছাত্রাবাস সংস্কারের জন্য শিক্ষা প্রকৌশল ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু প্রকল্পটি যে ছাত্রলীগের বাধায় আটকে আছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।