রাজনৈতিক সহিংসতা ছেড়ে সহনশীলতার পরিচয় দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আজ আমরা দুজন (চট্টগ্রামের সিটি মেয়র মন্জুর আলম) ভিন্ন রাজনীতির মানুষ এক মঞ্চে বসেছি। আমরা দুজনেই বৃক্ষের বিষয়ে এক জায়গায়, একমত পোষণ করছি। আমাদের উভয়েরই লক্ষ্য রাষ্ট্রের কল্যাণ। আর এভাবেই দেশের কল্যাণে আমাদের রাজনৈতিক সহিংসতা, হরতাল, নৈরাজ্য, গাড়ি ভাঙচুরের পথ ছেড়ে রাজনৈতিক সহনশীলতার পরিচয় দিতে হবে।’ গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে তিনি প্রধান অতিথি ছিলেন। নগরের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বন বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক খালেদ মেজবাউজ্জামান ও বন সংরক্ষক আকবর হোসেন। স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ শামসুদ্দোহা। ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষে বক্তব্য দেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ গণমাধ্যমকে উদ্দেশ করে বলেন, ‘জাতির সাফল্য জনগণের সামনে তুলে ধরতে হবে। তাহলে জনগণ উৎসাহিত হবে। শুধু ব্যর্থতার গ্লানিকে তুলে ধরলে মানুষের উৎসাহ জাগবে না।’ সভাপতির বক্তব্যে মন্জুর আলম বলেন, ‘রাজনৈতিক মতভেদ থাকলেও সিটি করপোরেশনের উন্নয়নের ক্ষেত্রে পরিবেশমন্ত্রীর অবদানকে খাটো করে দেখার অবকাশ নেই। আমরা আশা করব, তিনি কর্ণফুলী নদীতে টানেল ও রিং রোড নির্মাণ এবং চট্টগ্রাম-দোহাজারী রেললাইন চালুর উদ্যোগ নিয়ে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবেন।’