রাজনৈতিক সহিংসতা পুড়িয়ে দিল গয়নাশিল্পীর হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের সময় ঢাকার শাহবাগে যাত্রীবাহী বাসে দেওয়া আগুনে পুড়েছে শফিকুল ইসলামের শরীর। তাঁর শিশুসন্তান সাফওয়ান মাহির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের কোলে বসে বাবার গালে সোহাগ বুলিয়ে দিচ্ছে ষ ছবি: প্রথম আলো
অবরোধের সময় ঢাকার শাহবাগে যাত্রীবাহী বাসে দেওয়া আগুনে পুড়েছে শফিকুল ইসলামের শরীর। তাঁর শিশুসন্তান সাফওয়ান মাহির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের কোলে বসে বাবার গালে সোহাগ বুলিয়ে দিচ্ছে ষ ছবি: প্রথম আলো

সোনার দাম বাড়ছে। ক্রেতা কমছে। ফলে কদরও কমেছে কারিগরদের। কিন্তু রেজাউল করিমের দাম কমেনি। নিজস্ব ডিজাইনে চমৎকার সোনার গয়না গড়েন তিনি। তাই নোয়াখালী থেকে রেজাউল এখন রাজধানী ঢাকার কারিগর। কিন্তু গত শনিবার রেজাউল কারিগরের সৃজনশীল হাত পুড়িয়ে দিয়েছে চলতি রাজনৈতিক সহিংসতা।
ওই দিন রাত সাড়ে আটটায় মালিবাগ চৌধুরীপাড়ায় পেট্রলবোমায় বাসে আগুন ধরিয়ে দিলে অগ্নিদগ্ধ হন রেজাউল করিম। শরীরের বাঁ দিকের বেশির ভাগ অংশ আগুনে ঝলসে গেছে। বিশেষ করে মাথার বাঁ অংশ, মুখের বাঁ দিক, পুরো বাঁ হাত, কোমরের বাঁ দিক পুড়েছে ভয়াবহভাবে।
পুলিশ রেজাউল করিমকে নিয়ে যায় রামপুরা স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু গতকাল রোববার সকালে মন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের পরিদর্শনের ঠেলায় রেজাউলকে দেখার সময় করে উঠতে পারেননি চিকিৎসকেরা। বেশ আতঙ্কেই রয়েছেন রেজাউলের আত্মীয়স্বজনেরা। রেজাউলের ভাতিজা মো. ফিরোজ আলম জানান, রেজাউলের স্ত্রী-পুত্রকে এখনো এ সংবাদ জানানো হয়নি।
গত বৃহস্পতিবার রাতে শাহবাগে বিহঙ্গ পরিবহনে অবরোধকারীদের পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ ওহিদুর রহমান বাবুকে বিদেশে নিয়ে যেতে চাইছেন ভাই মুজিবুর রহমান। ওহিদুরের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে।
ওই বিহঙ্গ পরিবহনের আরেক অগ্নিদগ্ধ যাত্রী শফিকুল ইসলাম। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বংশাল শাখায় জুনিয়র ক্যাশ অফিসার। ওই দিন অফিস শেষে মিরপুরের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দেড় বছরের ছেলে মাহির ক্রমাগত বাবাকে ছুঁতে চেষ্টা করছে। সেও বুঝি বুঝতে পেরেছে বাবার অনেক ব্যথা। শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে শফিকুলের।
কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আমজাদ হোসেন কথা বলতে পারছেন না। তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। পাশে বসা মহিলা আত্মীয় আমজাদের মুখের কাছে কান নিয়ে কথা শুনছেন। অথচ এই আমজাদের হুংকার নাকি কারওয়ান বাজারের আড়তের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শোনা যায়। পুড়ে যাওয়া ঠোঁটে হাসতে পারেন না তিনি। অথচ তিনি হাস্যোজ্জ্বল ও আড্ডাবাজ বলে পরিচিত। আমজাদের হাসি কার ক্ষতি করেছে বলে প্রশ্ন তোলেন আত্মীয়রা।
গত ১২ নভেম্বর রায়েরবাগে বাসে আগুন দিলে অগ্নিদগ্ধ হন প্রকৌশলী শুভ। মা ক্রমাগত কেঁদে চলেছেন। আর বিড়বিড় করে মাকে সান্ত্বনা দিচ্ছেন শুভ। ক্রন্দনরত মায়ের প্রশ্ন, ‘কী দোষ করছিল হেয়?’
বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সামন্তলাল সেন বলেন, রাজনৈতিক সহিংসতায় অগ্নিদগ্ধ ৩৭ রোগীর প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের মধ্যে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন পাঁচজন। এসব রোগীর উপযুক্ত চিকিৎসাসেবা দিতে ইতিমধ্যে ১১ সদস্যের একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে বলে জানান তিনি।