রাজনৈতিক সহিংসতায় অধিকারের উদ্বেগ
চলমান রাজনৈতিক সহিংসতায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মনে করে মানবাধিকার সংগঠন অধিকার। গত সোমবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে অধিকার বলেছে, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বিরোধের ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ নিহত হচ্ছে। অন্যদিকে যানবাহনে পেট্রলবোমা ও আগুনে সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনাও ঘটছে। এই হতাহতের দায় সরকার বা বিরোধী দল কেউ নিচ্ছে না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দেওয়াটাই চলমান সংঘাতের প্রধান কারণ বলে মনে করে অধিকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা সৃষ্টি না করে ২৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার একতরফাভাবে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা—এই সংঘাতকে আরও ব্যাপকতর করে তুলেছে।
বিবৃতিতে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি এবং আমার দেশ খুলে দেওয়ার দাবি করা হয়। এর পাশাপাশি ঢালাওভাবে অজ্ঞাতনামা মানুষের বিরুদ্ধে মামলা দায়ের বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬সহ (সংশোধিত ২০১৩) সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবিও করা হয়।
বিজ্ঞপ্তি।