রাজনৈতিক সহিংসতায় জুলাইয়ে নিহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকার-এর মাসিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ৩১ জন নিহত ও এক হাজার ৫৩ জন আহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২৬টি ও বিএনপির ১৭টি অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার প্রকাশিত অধিকার-এর এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠানো হয়।
অধিকারের তথ্যমতে, জুলাই মাসে দেশে নয়জন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া সাতজন ব্যক্তি ‘অসুস্থতার কারণে’ জেলহাজতে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ রয়েছে। গণপিটুনিতে মারা গেছেন ১২ জন ব্যক্তি।
এ সময়ে দুর্বৃত্তদের আক্রমণে নয়জন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনায় সরকারি দলের একজন সাংসদ জড়িত। তিনি এ ঘটনায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
গত মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তিনজন বাংলাদেশি নিহত ও তিনজন আহত হয়েছেন। একই সময়ে একজন নারীকে ধর্ষণ ও ১২ জন বাংলাদেশি নাগরিককে অপহরণের অভিযোগ রয়েছে বিএসএফের বিরুদ্ধে।
অধিকারের তথ্য অনুযায়ী, গত মাসে বেতন-ভাতা ও অন্যান্য অধিকারের প্রশ্নে আন্দোলনের কারণে ৯৮ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। নারীর প্রতি সহিংসতা আগের চেয়ে বেড়েছে বলে মনে করে অধিকার। তাদের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশে মোট ৫০ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে ১৫ জন নারী ও ৩৫ জন শিশু। দুজন নারী ও পাঁচ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।