রাজনৈতিক সহিংসতার ঝুঁকি এখনো উদ্বেগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলদেশে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে বলে মনে করে যুক্তরাজ্য। দেশটি বলেছে, গত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর বিক্ষোভ-প্রতিবাদকেন্দ্রিক রাজনৈতিক সহিংসতা কমলেও এ সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা বেড়েছে বলে জানাচ্ছে বেসরকারি সংস্থাগুলো। একই সঙ্গে চলতি বছর নতুন নীতিমালা, আইন প্রণয়নের ফলে সুশীল সমাজের প্রসার ও গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্যের ‘মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদন ২০১৩’-এর হালনাগাদ তথ্যে এসব কথা বলা হয়। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বেসরকারি সংস্থার (এনজিও) বরাত দিয়ে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে শতাধিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা বেড়েছে। নারায়ণগঞ্জে সাত খুনের বিষয়টিও উল্লেখ করে এতে বলা হয়, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যদের জড়িত থাকার অভিযোগ আছে।
একই সঙ্গে জাতীয় সম্প্রচার নীতিমালা (২০১৪) প্রণয়ন ও বৈদেশিক অনুদান আইন সংশোধনে উদ্যোগের বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সরকারের এসব পদক্ষেপের ফলে গণমাধ্যমের স্বাধীনতা ও সুশীল সমাজের কর্মকাণ্ড সংকুচিত হয়ে পড়তে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে। সুশীল সমাজের মধ্যে এ মনোভাব জোরালো হচ্ছে যে এসব পদক্ষেপের মাধ্যমে সরকার সমালোচনা ও ভিন্নমতাবলম্বীদের মতামত প্রকাশের পথ বন্ধ করার চেষ্টা করছে।
এ ছাড়া বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার জন্য সংবিধান সংশোধনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
জানুয়ারির নির্বাচনে জালিয়াতির আশঙ্কায় তৎকালীন বিরোধীদলীয় জোটের অংশ না নেওয়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকের বেশি প্রার্থীর জয়ী হয়ে যাওয়া এবং নির্বাচনের আগে ও ভোটের দিনের সহিংসতার বিষয়গুলো উল্লেখ করা হয় প্রতিবেদনে। এরপর বলা হয়, ৬ জানুয়ারি এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ মানবাধিকারমন্ত্রী ব্যারোনেস ভার্সি। এরপর ২২ জানুয়ারি আইনমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সহিংসতার নিন্দা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার।
মার্চে বাংলাদেশ সফরে আসেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ডানকান বাংলাদেশে দ্রুত একটি স্থিতিশীল রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।
জানুয়ারির নির্বাচন নিয়ে হতাশার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত ২২ জুলাই লন্ডনে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময় তিনি তাঁর দেশের মনোভাব তুলে ধরেন। এ সময় দুই প্রধানমন্ত্রীই বাংলাদেশে মুক্ত সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার গুরুত্বের বিষয়ে একমত হন, যা গণতান্ত্রিক অংশগ্রহণ ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করবে।