রাজনৈতিক সহিংসতার শিকার ১৪ হাজার গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের মার্চ-এপ্রিল এবং নভেম্বর-ডিসেম্বরে রাজনৈতিক সহিংসতা চলাকালে দেশের বিভিন্ন সড়কের পাশে থাকা বন বিভাগের ১৪ হাজার ৩৪৫টি গাছ অবৈধভাবে কাটা হয়েছে। খবর বাসসের।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন এ তথ্য জানান। সরকারি দলের সাংসদ মাহমুদ উস-সামাদ চৌধুরীর পক্ষে নূরুল ইসলাম সুজন প্রশ্নটি করেন।

মন্ত্রী বলেন, গাছ কাটার ফলে সংশ্লিষ্ট এলাকার মাইক্রোক্লাইমেট ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে, তার আর্থিক মূল্য নিরূপণ করা সম্ভব নয়। তবে এসব গাছের প্রতিটির গড়মূল্য কমপক্ষে ৩০০ টাকা হিসেবে প্রায় পাঁচ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এসব গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন বিভাগ ১৫৩টি মামলা করেছে বলে জানান মন্ত্রী।

সরকারি দলের নূরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে বনমন্ত্রী বলেন, ১ জুলাই থেকে দেশের পুরোনো ইটভাটায় ইট পোড়ানো নিষেধ রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে কাঠ পোড়ানো নিষেধ থাকলেও সেখানে গ্যাস না থাকায় ইট ভাটাগুলোতে কাঠ ব্যবহার করা হচ্ছে।

হুইপ শহিদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে বনমন্ত্রী বলেন, কোন ধরনের গাছ পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, প্রশ্নকারী ওই গাছের নাম উল্লে¬খ না করায় তার ওপর নিষেধাজ্ঞা জারি করা যাচ্ছে না।