মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় দেশে ৪৬ জন নিহত হয়েছে। এ সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় ১৭ জন। গতকাল শনিবার অধিকার এই প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতায় নিহতদের মধ্যে হরতাল ও অবরোধের সময় পেট্রোল বোমা হামলা ও আগুনে দগ্ধ হয়ে ২০ জন নিহত হয়। আর সহিংসতায় নিহত হয় ২৬ জন। গেল মাসে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে একজন নিহত ও ৩২৭ জন আহত হয়। বিএনপির অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা ঘটে দুটি। এতে আহত হয় ৩২ জন।
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যায়িত করে অধিকারের প্রতিবেদনে বলা হয়, ওই নির্বাচনের পর সরকারি দল খুব দ্রুত সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিল। প্রতিশ্রুত নির্বাচন না হওয়ায় নির্বাচনের ঠিক এক বছর পর বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। আন্দোলনকে প্রতিহত করার জন্য সরকার দমন-পীড়ন, হত্যা, গুম ও গ্রেপ্তার চালাচ্ছে।