অধিকার-এর মাসিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ৩১ জন নিহত ও এক হাজার ৫৩ জন আহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২৬টি ও বিএনপির ১৭টি অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার প্রকাশিত অধিকার-এর এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠানো হয়।অধিকারের তথ্যমতে, জুলাই মাসে দেশে নয়জন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া সাতজন ব্যক্তি ‘অসুস্থতার কারণে’ জেলহাজতে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ রয়েছে। গণপিটুনিতে মারা গেছেন ১২ জন ব্যক্তি।এ সময়ে দুর্বৃত্তদের আক্রমণে নয়জন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনায় সরকারি দলের একজন সাংসদ জড়িত। তিনি এ ঘটনায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।গত মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তিনজন বাংলাদেশি নিহত ও তিনজন আহত হয়েছেন। একই সময়ে একজন নারীকে ধর্ষণ ও ১২ জন বাংলাদেশি নাগরিককে অপহরণের অভিযোগ রয়েছে বিএসএফের বিরুদ্ধে।অধিকারের তথ্য অনুযায়ী, গত মাসে বেতন-ভাতা ও অন্যান্য অধিকারের প্রশ্নে আন্দোলনের কারণে ৯৮ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। নারীর প্রতি সহিংসতা আগের চেয়ে বেড়েছে বলে মনে করে অধিকার। তাদের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশে মোট ৫০ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে ১৫ জন নারী ও ৩৫ জন শিশু। দুজন নারী ও পাঁচ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।