আওয়ামী লীগ সরকারের গত তিন বছরে (২০০৯-১১) রাজনৈতিক সহিংসতায় ৫৯৫ জন নিহত ও ৪০ হাজার ৫৯৯ জন আহত হয়েছেন। মানবাধিকারবিষয়ক সংগঠন ‘অধিকার’-এর এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার বিষয়ে এক আলোচনায় প্রতিবেদনটি পেশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ের তুলনায় বর্তমান সরকারের তিন বছরে রাজনৈতিক সহিংসতায় খুন ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। এতে পরিসংখ্যান দিয়ে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আগে ক্ষমতায় থাকা দুই তত্ত্বাবধায়ক সরকারের তিন বছরে রাজনৈতিক সহিংসতায় ১৫১ জন নিহত ও আট হাজার ৮৪ জন আহত হন। আলোচনা সভায় বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক নিয়ে সরকারি ও প্রধান রাজনৈতিক দল মুখোমুখি অবস্থান নেওয়ায় অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁরা দুই দলকে সহিংসতা এড়াতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার পরামর্শ দেন। সভায় সভাপতিত্ব করেন অধিকারের উপদেষ্টা ফরহাদ মজহার। রাজনৈতিক সহিংসতার শিকার নাটোরের বিএনপির নিহত নেতা সানাউল্লাহ নুরের স্ত্রী মহুয়া নুর ও দিনাজপুরের আহত কৃষক প্রদীপ চন্দ্র সরকার সভায় ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘গুপ্তহত্যা ও ক্রসফায়ার বাড়ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক।’ তিনি বলেন, সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী ঘোষণা দিয়েছেন, ১২ মার্চের আগে ঢাকা দখল করবে আওয়ামী লীগ। এটা শুধু গণতন্ত্র নয়, মানবাধিকারেরও চরম লঙ্ঘন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানে উদ্বেগ প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন। তিনি বলেন, এতে গণতন্ত্র বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রধান বিরোধী দলের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কী হবে, আলোচনার মাধ্যমে তার সমাধান হতে পারে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, পুলিশের হেফাজতে মৃত্যু হচ্ছে। র্যাব তো আরও ভয়ংকর।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসিফ ইব্রাহিম বলেন, বিনিয়োগ ও উৎপাদনের স্বার্থে রাজনৈতিক সংঘাত পরিহার করতে হবে। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, রাষ্ট্র যখন সন্ত্রাসে জড়িয়ে পড়ে, তখন কার কাছে বিচার চাইবে মানুষ। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে মৃত্যুর ঘটনায় কমই বিচার ও শাস্তি হয়েছে। আগামী নির্বাচন নিয়ে বিরোধী দল আলোচনায় বসছে না। রাজনৈতিক সরকারগুলো সঠিকপথে শক্তি ব্যবহার করছে না। ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কের সমাধান করতে হবে। অধিকার তাদের প্রতিবেদনে তিন দফা সুপারিশ করেছে। এগুলো হলো: রাজনৈতিক কর্মীদের ওপর পুলিশি নির্যাতন বন্ধ করতে হবে; রাজনৈতিক দলগুলোকে পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘাত বন্ধ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য সমাধান বের করতে হবে।