রাজনৈতিক সহিংসতায় নভেম্বরে ১৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতায় গত নভেম্বরে ১৫ জন নিহত হয়েছে। চলতি বছরের এক মাসে এটাই সর্বোচ্চ সংখ্যা। গত মাসে রাজনৈতিক সহিংসতায় আরও ৭৫৯ জন আহত হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের নভেম্বর মাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।অধিকারের প্রতিবেদন বলছে, গত মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের চারজন রয়েছে। নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন দুর্বৃত্তের গুলিতে নিহত হন।অধিকার বলেছে, প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে সহিংসতা ও অভ্যন্তরীণ কোন্দলে দেশের রাজনৈতিক অঙ্গনেও সহিংসতা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ফৌজদারি বিচারব্যবস্থার দুর্বলতার কারণে গণপিটুনি বন্ধ হচ্ছে না। গত মাসে ২০ জন গণপিটুনিতে মারা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গত মাসে সাতজন নিহত হয়েছে।নারী নির্যাতনের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ৪১ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। অধিকারের প্রতিবেদনে টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধ করতে ভারত সরকারকে চাপ দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।