রাজনৈতিক সহিংসতায় ফেব্রুয়ারিতে নিহত ৬২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতায় গত ফেব্রুয়ারি মাসে দেশে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে। জামায়াতে ইসলামীর ঝটিকা আক্রমণ, আক্রমণ প্রতিরোধকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, জামায়াতের ডাকা হরতালে ও হরতাল-পূর্ব সংঘর্ষে এসব ব্যক্তি নিহত হন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে দলটি গত বছরের ৬ নভেম্বর বিক্ষোভ কর্মসূচি দিয়ে রাজপথে সহিংসতা শুরু করে। ওই দিন ঢাকাসহ সারা দেশের ১৬ স্থানে পুলিশের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। এর পর থেকে পুলিশের চোরাগোপ্তা হামলা বাড়তে থাকে। প্রথম দিকে জামায়াতের হামলার ঘটনায় পুলিশ অনেকটা সহনশীলতা দেখায়। গত জানুয়ারি মাসে জামায়াত-শিবিরের সহিংসতা মোকাবিলায় পুলিশ কাঁদানে গ্যাসের শেলের পাশাপাশি গুলি চালাতে শুরু করে।বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের হিসাবে, জানুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় দেশে ১৭ জন নিহত হয়েছেন। প্রথম আলোতে প্রকাশিত রাজনৈতিক সংঘাতের খবর থেকে প্রাপ্ত হিসাব অনুযায়ী, গত মাসে সারা দেশে নিহত হয়েছেন ৬২ জন। এর মধ্যে ১ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নিহত হন ২৪ জন। এ ছাড়া গুলিবিদ্ধ শতাধিক ব্যক্তিসহ আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে জামায়াতের সহিংসতা-সংঘাতে ১৫ জেলায় নিহত হন ৩৮ জন (ওই দিন আহত এক পুলিশ সদস্য পরদিন মারা যান)। ৩১ জানুয়ারি জামায়াতের ডাকা হরতালে বগুড়ায় পুলিশের গুলিতে তিনজনের মৃত্যু হয়। এর প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ১৬ জেলায় হরতাল ডাকে জামায়াত। এরপর জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার মামলার রায়কে সামনে রেখে ৫ ফেব্রুয়ারি হরতাল ডাকে জামায়াত। হরতালের আগের রাতে উত্তরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হলে রাসেল মাহমুদ নামের এক ব্যাংক কর্মকর্তা পুড়ে মারা যান।৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় ঘোষণা হয়। ওই দিন জামায়াতের হরতালে সহিংসতা মোকাবিলায় পুলিশের গুলিতে চট্টগ্রামে চারজন নিহত হন। ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়ে ১৪ ফেব্রুয়ারি মারা যান গ্রামপুলিশের একজন সদস্য। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে জামায়াতের হামলায় আহত হয়ে পরদিন মারা যান অগ্রণী ব্যাংকের একজন কর্মচারী। ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারে জামায়াত-পুলিশ সংঘর্ষে গুলিতে নিহত হন তিনজন। এর প্রতিবাদে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওই জেলায় এবং ১৮ ফেব্রুয়ারি সারা দেশে হরতাল ডাকে জামায়াত। ১৮ ফেব্রুয়ারি হরতালে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের গুলিতে একজন এবং ঢাকায় জামায়াত-শিবিরের হামলায় হিউম্যান হলার উল্টে একজন ও কক্সবাজারে অ্যাম্বুলেন্সে হামলায় একজন রোগীর মৃত্যু হয়। ২২ ফেব্রুয়ারি জুমার নামাজের পর দেশব্যাপী ব্যাপক সহিংসতা হয়। পুলিশ এর জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে। ওই দিন সহিংসতায় গাইবান্ধার পলাশবাড়ীতে দুজন, সিলেটে একজন ও ঝিনাইদহে একজন নিহত হন। ২৩ ফেব্রুয়ারি পাবনায় নিহত হন দুজন। ২৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সিঙ্গাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চারজন। সর্বশেষ ২৮ ফেব্রুয়ারির সংঘর্ষে চার পুলিশসহ ৩৮ জন নিহত হন। এসব সহিংসতা ও হতাহতের ঘটনা সম্পর্কে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন মার খেয়েও পুলিশ গুলি করেনি। আত্মরক্ষার জন্য পুলিশের সদস্যরা গুলি করতে পারেন। আইনেই এমনটা রয়েছে। কিন্তু প্রতিটি ঘটনা আলাদাভাবে বিচার-বিশ্লেষণের দাবি রাখে। মিজানুর রহমান বলেন, এ রকম রাজনৈতিক সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়া পৃথিবীর কোনো দেশেই সমর্থনযোগ্য নয়। মানুষের নিরাপত্তা দিতে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু দেখতে হবে, অযাচিত শক্তি প্রয়োগের মাধ্যমে যেন নিরীহ মানুষের কোনো ক্ষতি না হয়।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, যেকোনো ফৌজদারি অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই পুলিশের কাজ। এখন তাদের পৌনঃপুনিকতা বেশি হতে পারে। কিন্তু জনস্বার্থে পুলিশ তার দায়িত্ব আইনানুগভাবেই পালন করে যাচ্ছে।