রাজনৈতিক সহিংসতায় বাড়ছে অস্ত্রের ব্যবহার
রাজনৈতিক সহিংসতায় চট্টগ্রামে অস্ত্রের ব্যবহার বাড়ছে। রাজনৈতিক কর্মীদের হাতে একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এই মুহূর্তে নাশকতা প্রতিরোধে ব্যস্ত থাকায় আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্রধারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান জোরদার করতে পারছে না।
রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা ঠেকাতে গিয়ে চট্টগ্রাম নগরে পুলিশ নিয়মিত হামলার শিকার হচ্ছে। বিশেষ করে তাদের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করা হচ্ছে। এতে পুলিশসদস্যদের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পুলিশ এসব ঘটনায় কিছু অস্ত্রধারীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে, যাঁরা ছাত্রশিবিরের ক্যাডার হিসেবে পরিচিত।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে অস্ত্রের প্রকাশ্য ব্যবহার শুরু হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। কিছু দুর্বৃত্ত শনাক্ত হয়েছে।
পুলিশ কমিশনার আরও বলেন, ‘দুর্বৃত্তরা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাছ থেকে একে-৪৭ রাইফেলও সংগ্রহ করেছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। এ কারণে অস্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠিন ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আছে। ওদের কোনো ছাড় নেই।’
খোঁজ নিয়ে জানা যায়, গত ৩০ নভেম্বর চট্টগ্রাম নগরের প্রবেশপথ অলংকার মোড় ও কর্ণেলহাট এলাকায় ওই দিন অন্তত ছয়-সাতজন অস্ত্রধারী ক্যাডার পুলিশের দিকে প্রকাশ্যে গুলি ছোড়েন। ওই ঘটনায় পুলিশ কনস্টেবল রাহুল বড়ুয়া ও আনিসুর রহমান গুলিবিদ্ধ হন। ঘটনার সঙ্গে জড়িত দুজন অস্ত্রধারী ক্যাডারের ছবি পরদিন ১ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় ছাপা হয়। এই দুজনের পরিচয় পাওয়া গেছে।
খোঁজ নিয়ে আরও জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের আগ্রাবাদ এক্সেস সড়কে পুলিশের দিকে গুলিবর্ষণ এবং পেট্রলবোমা ছোড়েন শিবিরের ক্যাডাররা। এতে ডবলমুরিং থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম আহত হন। তাঁকে চট্টগ্রামে মেডিকেলে ভর্তি করা হয়। এ ছাড়া বহদ্দারহাট, চকবাজার, বড়পোলসহ নগরের আরও কয়েকটি জায়গায় অস্ত্রের ব্যবহার হতে দেখা গেছে। এ জন্য শিবির ক্যাডারদের দায়ী করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ৩০ নভেম্বর প্রকাশ্যে যে ছয়-সাতজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন, তাঁদের দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন ওয়াসিম, যিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিয়মিত ক্রিকেটও খেলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি বরিশাল। ছাত্রশিবিরের সক্রিয় কর্মী তিনি। ঘটনার পর ওয়াসিম গা-ঢাকা দেন। আরেকজনের আসল নাম জানা যায়নি। তিনি নগরের খুলশী থানাধীন অয়্যারলেস কলোনি এলাকার রিকশাচালকের ছেলে। তিনিও শিবির কর্মী বলে জানা গেছে। এলাকায় তিনি ‘ক্যাডার’ নামেই পরিচিত। পত্রিকায় ছবি ছাপানোর পর তিনিও গা-ঢাকা দেন।
নগর ছাত্রদলের সাবেক যুগ্মসম্পাদক ও যুবদল নেতা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘অলংকার মোড় ও কর্ণেলহাটে অবরোধের সমর্থনে সম্প্রতি জনসমাগম বাড়ছিল। এই সুযোগে শিবির কর্মীরা অস্ত্র নিয়ে আমাদের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি পালনে বাধা পেয়ে ৩০ নভেম্বর শিবিরের ছয়-সাতজন ক্যাডার পুলিশের দিকে গুলিবর্ষণ করেন। তাঁরা মুখোশ পরা ছিলেন। সবার হাতে আমরা অস্ত্র দেখেছি।’
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘অলংকার মোড় -কর্ণেলহাট এলাকায় অস্ত্রধারী দুজনের পরিচয় পাওয়া গেছে। ওরা পলাতক। এ ছাড়া নগরের আগ্রাবাদ এক্সেস সড়ক, বহদ্দারহাট, চকবাজার, বড়পোলসহ নগরের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা অস্ত্র থেকে গুলি ছুড়েছে। আমরা স্থানীয়ভাবে দুর্বৃত্তদের পরিচয় সংগ্রহ এবং গ্রেপ্তারের চেষ্টা করছি।’
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রধারীদের অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন অলংকার মোড়ের ব্যবসায়ী শফিকুল ইসলাম। তিনি জামায়াতের সক্রিয় কর্মী। তবে তাঁর পরিবারের অন্যরা আওয়ামী লীগ সমর্থক। শফিকুলকে আমরা ধরেছি। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘যেকোনো নাশকতার সময় ওরা গুলিবর্ষণ এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। আমরাও আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তার জন্য পাল্টা গুলিবর্ষণ করছি।’
নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জামায়াত-শিবির অস্ত্রের রাজনীতি করে না। বরং আমাদের ওপর পুলিশ হামলা চালাচ্ছে। গুলি ছুড়ছে। আমাদের নেতা-কর্মীদের হত্যা করছে।’