রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর সমান অধিকার চাই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের পুরুষের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অধিকতর অংশগ্রহণই কেবল জাতির প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সহায়ক হতে পারে’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে নারীদের উন্নয়ন এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিউলে ইন্টারন্যাশনাল কনফারেন্সের এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (্আইসিএপিপি)-এর বিশেষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এক ভিডিও বার্তায় এ কথা বলেন। গতকাল শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা যায়।
শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন যে নারী নেতৃত্ব শীর্ষক এই বিশেষ সম্মেলনে বিশেষ করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের সামনে যে চ্যালেঞ্জ তা আলোচনায় আসবে। তিনি বলেন, সমাজের সব ক্ষেত্রে পুরুষের মতো নারীদেরও সমান অধিকার থাকতে হবে।
বাংলাদেশের জাতীয় নারী উন্নয়ননীতি ২০১১-এর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পল্লির নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে তাদের খাদ্য, সেবা ও সম্পদের অধিকার প্রতিষ্ঠা ও দারিদ্র্য হ্রাসে কাজ করছি।’ তিনি বলেন, নারীর ক্ষমতায়নে তাঁর সরকার তাদের স্বল্পপুঁজির ব্যবসার জন্য ক্ষুদ্রঋণ দিচ্ছে এবং তাদের স্থানীয় উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছে এবং উচ্চশিক্ষা পর্যন্ত মেয়েদের বৃত্তি দিচ্ছে।
শেখ হাসিনা বলেন, শ্রমশক্তিতে বাংলাদেশের নারীদের অংশগ্রহণ ২০১০ সালের ২৪ শতাংশ থেকে বর্তমানে ৩৬ শতাংশে উন্নতি হয়েছে। স্বাস্থ্যসেবায় আমাদের সাফল্যে মাতৃমৃত্যু হার হ্রাস পেয়েছে এবং এর মাধ্যমে জাতিসংঘের সহস্রাব্দের লক্ষ্য অর্জনের (এমডিজি) স্বীকৃতি অর্জিত হয়েছে।
বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সম্ভবত বাংলাদেশই একমাত্র দেশ যেখানে একই সময়ে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা ও সংসদ উপনেতা হচ্ছেন মহিলা।