রাজনৈতিক স্থিতি শীলতায় কমনওয়েলথের সন্তোষ
বাংলাদেশে নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। তিনি মত প্রকাশ করেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত গণতন্ত্র ও সংবিধান সমুন্নত রাখা।
কমনওয়েলথের মহাসচিব গত শুক্রবার লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ অভিমত দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
কমলেশ শর্মা বলেন, উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে।
দুই দিনের লন্ডন সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন ও সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে কমনওয়েলথের মহাসচিবকে অবহিত করেন।
মহাসচিব বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রশংসা করেন এবং সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যত্যয় দেখতে কমনওয়েলথ আগ্রহী নয় বলে অভিমত দেন তিনি। এ ছাড়া সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচন আয়োজনের মূল নীতি ঠিক করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অঙ্গীকারের ওপর গুরুত্ব দেন।
পররাষ্ট্রমন্ত্রী ও কমনওয়েলথ মহাসচিব ৫৩টি সদস্য দেশের এ জোটের সচিবালয়ের ব্যবস্থাপনা প্রক্রিয়ার সংস্কার নিয়েও আলোচনা করেন। কমনওয়েলথের কর্মকাণ্ডে উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে যথার্থ ভারসাম্য রাখার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় এ বছরের শেষ দিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন কমলেশ শর্মা।