রাজনৈতিক স্থিতিশীলতা নড়বড়ে: ইইউ রাষ্ট্রদূত
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য মূল বিষয়গুলো নিয়ে সংলাপের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোকে আরও আস্থা স্থাপনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পিয়েরে মায়াদু গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডিকাব টক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি এসব মন্তব্য করেন।
ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত আলোচনায় সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মাসুদ করিম। স্বাগত বক্তব্য দেন ডিকাব সাধারণ সম্পাদক বশীর আহমাদ। ইইউর রাষ্ট্রদূত মনে করেন, এ বছরের শুরুর তিন মাসে রাজনৈতিক সংঘাত ও উত্তেজনা ছিল তা কমে এসেছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পিয়েরে মায়াদু বলেন, ‘আমরা জানি, পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে উন্নতিটা নড়বড়ে। তাই আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সংকট সমাধানের জন্য সংলাপে বসতে সব সময় উৎসাহিত করি।’
পিয়েরে মায়াদু ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় এবং ভারতকে নিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে চার দেশীয় কানেক্টিভিটির জন্য বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ঢাকা সফর প্রসঙ্গ টেনে পিয়েরে মায়াদু বলেন, কানেক্টিভিটির ব্যাপারে দুই দেশের ঐকমত্য সীমান্ত চুক্তি বাস্তবায়নে তার প্রতিফলন ঘটেছে। আর এটি চার দেশীয় মোটরযান চলাচল চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি মনে করেন, চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অবকাঠামোগত ও একটি নিয়ন্ত্রণ কাঠামোর ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা জোরালো থাকলে সব সমস্যাই দূর করা সম্ভব।