চট্টগ্রামে সিপিডি-অর্থনীতি সমিতির সংলাপ
রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বাজেট বাস্তবায়ন কঠিন হবে
চট্টগ্রামে সংলাপে বক্তারা বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন নিশ্চিত করা না গেলে বাজেট বাস্তবায়ন কঠিন হবে। আগামী অর্থবছরে অনেক বেশি রাজনৈতিক অস্থিতিশীলতা থাকতে পারে। পাশাপাশি সরকারকে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে, যা খুবই কঠিন হতে পারে।গতকাল শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও বাংলাদেশ অর্থনীতি সমিতি, চট্টগ্রাম চ্যাপ্টার যৌথভাবে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ‘বাজেট পর্যালোচনা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে। সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি জ্যোতি প্রকাশ দত্তের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল। আলোচক ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফরিদ আহম্মেদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মইনুল ইসলাম।সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্বাগত বক্তৃতা করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মুহাম্মদ সিরাজুদ্দিন ও শিক্ষক ইফতেখার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সিকান্দর খান, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সাংসদ মাজহারুল হক শাহ বক্তৃতা করেন।সাংসদ মঈন উদ্দীন বলেন, ‘বাজেটে সব আছে, চট্টগ্রাম নেই। চট্টগ্রাম থেকে নাজিরহাট ও রামগড় হয়ে ভারতকে ট্রানজিট দেওয়া যায়। সেটা না করে অর্থমন্ত্রী সারা দেশ ঘুরে ভারত যাচ্ছেন। সরকার কোনো সমীক্ষা ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন-আট লেন করছে। অথচ আমাদের ধানি জমি নেই।’ তিনি ১৫ টাকায় বিদ্যুতের ইউনিট না কিনে কাপ্তাই হ্রদ খনন করে এটিকে আরও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।ফরিদ আহম্মদ বলেন, ‘আগামী অর্থবছরে প্রবৃদ্ধি কত হবে, তা নিয়ে বিতর্ক চলছে। এসব তথ্য সংগ্রহের জন্য সরকারের কোনো আধুনিক ব্যবস্থা নেই। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেশে বেকারের সংখ্যা দুই কোটি ৮০ লাখ উল্লেখ করা হলেও এখন বলা হচ্ছে মাত্র ২৫ লাখ। এটা কোন জাদুমন্ত্রের মাধ্যমে হয়েছে, জানি না।’ তবে সরকারি লোকজনকে করের আওতায় আনা এবং সামাজিক বেষ্টনী খাতে সরকারের উদ্যোগকে প্রশংসাযোগ্য উল্লেখ করেন তিনি।মইনুল ইসলাম বলেন, এ সরকারের শিক্ষা, কৃষি ও বিদ্যুর্যা খাতে সাফল্য আছে। অথচ শিক্ষা ও কৃষিতে ব্যয় আগের চেয়ে কমিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতেও গতবারের চেয়ে বাজেটের অনুপাত কমেছে। তিনি বলেন, ‘এ দেশের প্রধান সমস্যা দুর্নীতি। দুদককে শক্তিশালী করে দুর্নীতি প্রতিরোধে তত্ত্বাবধায়ক সরকার কাজ শুরু করেছিল। প্রধানমন্ত্রী সেটিকে শেষ করে দিয়েছেন। দুদক এখন নখদন্তহীন বাঘ। প্রধানমন্ত্রী, ইতিহাস একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে।’আলমগীর মুহাম্মদ সিরাজুদ্দিন বলেন, বাজেট নিয়ে আলোচনায় এবার অসহিষ্ণুতা লক্ষ করা গেছে। মতের পার্থক্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলা ঠিক নয়। সংসদে বাজেট বক্তৃতায় মূল আলোচনা বাদ দিয়ে অতীতের কোনো কোনো ব্যক্তির বংশপরম্পরায় সম্বোধন করতেই বক্তব্য শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘বাজেট নিয়ে অনেক আলোচনা হয়, কার্যকর হয় কি না, আমার জানা নেই।’নাসির উদ্দিন বলেন, বাজেটে এবারও তৈরি পোশাক খাত নিয়ে কোনো উদ্যোগ নেই। অথচ এ বছর পাকিস্তান ও ভারত বিশেষ ব্যবস্থা নিয়েছে। চীন এ শিল্পকে বাঁচিয়ে রাখতে ১৯ ধরনের প্রণোদনা দিচ্ছে। তিনি বলেন, ‘গত বাজেটে তৈরি পোশাক খাতের জন্য সরকার তিন হাজার ২৮০ কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছিল। অথচ আমরা তিন টাকাও পাইনি।’