দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এ জন্য প্রধান দুই দলের মধ্যে আলোচনা চান তরুণেরা। বিবিসির যুব সংলাপে তরুণেরা এই মতামত দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে বিবিসি বাংলা বিভাগ। সংলাপে নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, বিজ্ঞাপনী সংস্থা গ্রে’র ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম এবং আইনজীবী সারা হোসেন।সংলাপের শুরুতে এক তরুণ জানতে চান, রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? জবাবে গাউসুল আলম বলেন, রাজনৈতিক নেতাদের তরুণ সমাজের ভাবনা বোঝা উচিত। তিনি বলেন, প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান হতে পারে। শিরীন শারমিন বলেন, কেন রাজনৈতিক অস্থিতিশীলতা, সেটি আগে খুঁজে বের করতে হবে এবং এ ক্ষেত্রে সংসদই হতে পারে আলোচনার কেন্দ্রবিন্দু। এ ক্ষেত্রে সরকারি ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল হওয়া উচিত। সারা হোসেন বলেন, বিষয়টি কেবল দুই দলের হাতে ছেড়ে না দিয়ে নাগরিকদেরও এ ব্যাপারে জবাবদিহি চাওয়া উচিত। সাদেক হোসেন বলেন, ‘আমারও মনে হয়, সবকিছু দুই দলের মধ্যে ছেড়ে না দিয়ে সুশীলসমাজের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত।’ লেখাপড়া শেষ করেও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না কেন—এক তরুণের এমন প্রশ্নের জবাবে সাদেক হোসেন বলেন, অপরিকল্পিতভাবে জনসংখ্যা বাড়ছে। কর্মসংস্থানের জন্য নিজ উদ্যোগেও কিছু করার ভাবনা থাকতে হবে। গাউসুল আলম বলেন, সবকিছু ঢাকাকেন্দ্রিক হয়ে যাচ্ছে। কৃষিক্ষেত্র কর্মসংস্থানের একটি বিশাল খাত। কিন্তু সেখানে শিক্ষিতদের অবদান কম।