রাজনৈতিক স্বার্থে জাতীয় মসজিদকে ব্যবহার করা যাবে না
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতি ও বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারী কল্যাণ সমিতির নেতা ও কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠকে নেতারা বলেন, ২২ ফেব্রুয়ারি স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও তাদের সমমনা কয়েকটি দল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যে জঘন্য কাজ করেছে, তা এ দেশের ইসলামপ্রিয় জনগণ কিছুতেই সহ্য করবে না। এতে সারা বিশ্বে ইসলামের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। তাঁরা বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ইসলামকে কলঙ্কিত করার জন্য যে জঘন্য মিশনে নেমেছে, তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। সেদিন বায়তুল মোকাররম মসজিদের আগুন থেকে বিদ্যুতের শর্টসার্কিট হলে জাতীয় মসজিদ ধ্বংস হয়ে যেত এবং মার্কেটে স্বর্ণালংকারের দোকানসহ প্রায় শতকোটি টাকার সম্পদ বিনষ্ট হতো। তাঁরা আরও বলেন, বায়তুল মোকাররম মসজিদে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ আহমদসহ অন্যান্য নেতা ও কর্মকর্তা সভায় বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।