রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারে হস্তক্ষেপ না করায় ইইউর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ না করার নীতিতে শ্রদ্ধা দেখানোয় সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার সিদ্ধান্তকেও ইইউ জোরালোভাবে সমর্থন করেছে। ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক ও নিরাপত্তা নীতিবিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি ক্যাথরিন অ্যাস্টন গতকাল শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার-প্রক্রিয়া সম্প্রতি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসায় ইইউর ব্রাসেলস সদর দপ্তর থেকে এ বিবৃতি দেওয়া হয়েছে।একই সঙ্গে বিচার-প্রক্রিয়ায় যথাযথ আইনি পদ্ধতি মেনে চলা যে মানবাধিকার সুরক্ষার নিশ্চিত রক্ষাকবচ সেটা ক্যাথরিন অ্যাস্টন স্মরণ করেন। তিনি বাংলাদেশের বিচার-প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ না করার পদক্ষেপকে স্বাগত জানান। তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার সিদ্ধান্তকেও ইইউ জোরালোভাবে সমর্থন করে।বিবৃতিতে বলা হয়, ‘ইইউ মনে করে, গুরুত্বপূর্ণ মামলায় যথাযথ আইনি প্রক্রিয়ার অনুসরণ দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আগে ও পরে এবং সাম্প্রতিক কালে ঘটে যাওয়া রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার-প্রক্রিয়া বেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করছে ইইউ।’সব ধরনের মামলা ও যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ২৭ জাতি জোটের বিরোধিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে ইইউ। এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘আমরা মনে করি, মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ বিলোপ করা হলে মানুষের মর্যাদা বাড়বে এবং মানবাধিকারের ক্ষেত্রে সেটা হবে উল্লেখযোগ্য অগ্রগতি।’বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার-প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে রয়েছে ১৯৭৫ সালের শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্য ও অন্যদের হত্যাকাণ্ড, স্বাধীনতা সংগ্রামের সময় সংঘটিত যুদ্ধাপরাধ এবং ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের বিচার।