রাজনৈতিক হরতালে ক্ষতি অর্থনীতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক হরতালে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে অর্থনীতির। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার একাধিক গবেষণা অনুযায়ী, এক দিনের হরতালেই ক্ষতি হয় অন্তত দেড় হাজার কোটি টাকা। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে পোশাকশিল্প, ক্ষুদ্র উদ্যোগ এবং পরিবহন।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ১৯৭৫ থেকে এ বছরের ১১ এপ্রিল পর্যন্ত হরতালের কারণ বিশ্লেষণ করে বলেছে, এ পর্যন্ত যত হরতাল হয়েছে, তার প্রায় ৯৫ শতাংশই ডাকা হয়েছে রাজনৈতিক কারণে। মাত্র ৫ শতাংশ হরতাল হয়েছে অর্থনৈতিক কারণ কিংবা জনস্বার্থে।

হরতাল ও রাজনৈতিক সহিংসতার কারণে অর্থনীতির ক্ষতি নিয়ে ২২ বছর ধরেই নানা ধরনের গবেষণা করছে বিভিন্ন দেশি-আন্তর্জাতিক সংস্থা। ব্যবসায়ীরাও নানাভাবে রাজনৈতিক সংকট নিরসনে নানা ধরনের চেষ্টা করেছেন। কিন্তু কোনো উদ্যোগই সফল হয়নি। বরং রাজনৈতিক সহিংসতা ও হরতাল বেড়েই চলেছে। রাজনৈতিক যে দলটি ক্ষমতায় থাকে, তারাও হরতালের কারণে অর্থনীতির ক্ষতি নিয়ে সোচ্চার থাকে। আবার তারাই বিরোধী দলে গিয়ে হরতাল করে। এর ফলে সমস্যার কোনো সমাধান কখনো হচ্ছে না।

বিভিন্ন গবেষণা অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতির বড় বাধা দুর্নীতি ও অবকাঠামোর সমস্যা। এর মধ্যে দুর্নীতি কমেছে, কেউ বলছেন না। ব্যবসায়ীদেরও এ দুর্নীতি মেনেই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এর পাশাপাশি পাঁচ বছর পরপর রাজনৈতিক সংঘাত নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গবেষণাতেও দেখা যাচ্ছে, ১৯৯০ সালের পর থেকে প্রতি নির্বাচনী বছরে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাচ্ছে।

যেমন, ১৯৯৫-৯৬ অর্থবছরটি ছিল নির্বাচনী বছর। ওই সময় জিডিপির প্রবৃদ্ধি আগের অর্থবছরের ৪ দশমিক ৯ শতাংশ থেকে কমে হয় ৪ দশমিক ৬ শতাংশ। একইভাবে ২০০১-০২ অর্থবছরে প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ৪ শতাংশ, আর এর আগের বছর ছিল ৫ দশমিক ৩ শতাংশ। একইভাবে ২০০৭-০৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হলেও পরের অর্থবছরটি ছিল নির্বাচনী বছর। সে সময় প্রবৃদ্ধি কমে হয় ৫ দশমিক ৭ শতাংশ।

আন্তর্জাতিক গণমাধ্যম যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল গত ৩ আগস্ট এক প্রতিবেদনে বলেছে, হরতাল বাংলাদেশের জন্য এক বিরাট সমস্যা। এ নিয়ে অনেক দিন ধরেই ধুঁকছে বাংলাদেশ। গত এপ্রিলে পোশাক কারখানা ধসের ঘটনায় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়া বাংলাদেশের সামনে লাগাতার হরতাল ডাকার সংস্কৃতি নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া হিসাবে, হরতালের কারণে এ বছর প্রায় ৫৩ হাজার ৯০০ কোটি টাকার (৭০০ কোটি ডলার) ক্ষতি হয়েছে। প্রতিদিনের ক্ষতি প্রায় এক হাজার ৫৪০ কোটি টাকা (২০ কোটি ডলার)।

তবে বিশিষ্ট অর্থনীতিবিদ, সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আর্থিক যে ক্ষতির বিবরণ দেওয়া হয়, হরতালে ক্ষতি আসলে এর চেয়েও অনেক বেশি। আর সেই ক্ষতির আর্থিক হিসাব করা সম্ভব নয়। কারণ, হরতালের কারণে বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি হয়, দেশটি যে বিনিয়োগের একটি আস্থাভাজন জায়গা, সেই আস্থার জায়গাটি নষ্ট হয়, রপ্তানির নিরাপদ উৎস হিসেবে বাংলাদেশ আর বিবেচিত হয় না। তা ছাড়া বাংলাদেশে সফরের বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা যেসব সতর্কতামূলক নির্দেশ প্রচার করে, তাতেও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। সবশেষে তিনি বলেন, বিশ্বায়িত এই বিশ্বে একবার আস্থার সম্পর্ক নষ্ট হলে তা সহজে ঠিক করা যায় না।

হরতালে কত ক্ষতি: হরতালে আর্থিক ক্ষতির পরিমাণ নিয়ে সিপিডি বলেছে, হরতালে বাংলাদেশের ১ শতাংশ পুঁজি নষ্ট হলে তাতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় সাড়ে চার হাজার কোটি টাকা। এটি বাংলাদেশের মোট জিডিপির দশমিক ৯ শতাংশ।

এফবিসিসিআইয়ের হিসাবে, এক দিনের হরতালে দেশের জিডিপির দশমিক ১২ শতাংশ ক্ষতি হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) হিসাবে, এক দিনের হরতালে এক হাজার ৫৪০ কোটি টাকার (২০ কোটি ডলার) ক্ষতি হয়।

হরতালে ক্ষতির একটি হিসাব করেছে ঢাকা চেম্বারও। সংগঠনটির হিসাবে, এক দিনের হরতালে দেশের এক হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হয়। বছরে গড়ে ৪০ দিন হরতাল হয়। সে দিক থেকে হরতালে এক বছরে ক্ষতি হয় ৬৪ হাজার কোটি টাকা।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রতিবছর হরতালের কারণে যে ক্ষতি হয়েছে, তা বাংলাদেশের জিডিপির ৪ দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশের সমান।

বাংলাদেশের হরতাল নিয়ে ২০০৫ সালে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গবেষণায় বলা হয়, ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রতিবছর হরতালের কারণে দেশের জিডিপির ৩ থেকে ৪ শতাংশের সমান আর্থিক ক্ষতি হয়েছে।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, হরতালে ব্যবসা-বাণিজ্যের বড় ক্ষতি হচ্ছে। উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, যথাসময়ে পণ্য জাহাজে নেওয়া যাচ্ছে না। বিশ্বব্যাংক সম্প্রতি চলতি অর্থবছরের প্রবৃদ্ধির যে পূর্বাভাস করেছে (৫ দশমিক ৭ শতাংশ), সেটা অর্জনও কঠিন হয়ে পড়তে পারে।

প্রধান তিন খাতের ক্ষতি: তৈরি পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ গত এপ্রিলে এক যৌথ সংবাদ সম্মেলন করে বলেছিল, এক দিনের হরতালে পোশাক খাতের ২০০ কোটি টাকার ক্ষতি হয়।

বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হরতালে ব্যবসায়ীদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি সারা বিশ্বে দেশের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখন বড়দিনের পণ্য পাঠানোর সময়। এ সময় হরতাল আমাদের সংকটে ফেলে দিয়েছে।’

ঢাকা চেম্বারের হিসাবে, পাইকারি বাজার, শপিং মল, শোরুম, ক্ষুদ্র্র ও ছোট দোকান প্রতিদিন ৬০০ কোটি আর বছরে ২৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়। অবশ্য বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি, হরতালে দেশের ২০ লাখ দোকানে প্রতিদিন ক্ষতি হয় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা।

ঢাকা সড়ক পরিবহন সমিতির হিসাবে, হরতালের দিন দিনের বেলায় সারা দেশে গড়ে কমপক্ষে সাড়ে তিন লাখ বাস-মিনিবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকে। এ কারণে ওই সব দিন অন্তত ২৫০ কোটি টাকার ক্ষতি হয়।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, চলমান সহিংস রাজনৈতিক বিরোধ ও নানা কর্মসূচির তাৎক্ষণিকভাবে বড় ভুক্তভোগী হলেন খেটে খাওয়া মানুষ, যাঁদের জীবিকা দৈনন্দিন আয়-রোজগারের ওপর নির্ভর করে। এটি একটি মানবিক সমস্যা। এ দেশে দুর্দশা কেবল দেশের ব্যবসা-বাণিজ্যের সার্বিক ক্ষতির অঙ্কের পরিমাণ দিয়ে মাপা যাবে না।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, হরতালে পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ার কারণে স্বাভাবিকভাবেই ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ক্ষতি কতটা পুষিয়ে নেওয়া যাবে, তা নির্ভর করবে এমন পরিস্থিতি কতটা দীর্ঘায়িত হয় তার ওপর। বেশি দিন এমন অবস্থা চললে শিল্প উৎপাদন, আমদানি-রপ্তানি, দ্রব্যমূল্য সবকিছুর ওপরই নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের চলতি মূলধন আটকে গেলে আর্থিক খাতেও পরোক্ষ প্রভাব পড়বে। আর যে রাজনৈতিক অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয় তার ফলে একদিকে বিদেশি বিনিয়োগ আসবে না। অন্যদিকে দেশ থেকে পুঁজি পাচার বাড়বে। আর বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তির প্রশ্ন তো আছেই।

ওয়াহিদউদ্দিন মাহমুদের মতে, এমন সময় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে যখন এমনিতেই দেশের অর্থনীতিতে মন্দাভাব আছে। বিশেষত, তৈরি পোশাক খাতে অস্থিরতা চলছে। সে কারণে অন্য সময়ের রাজনৈতিক অস্থিরতার তুলনায় এবারের অর্থনৈতিক ঝুঁকি অনেক বেশি।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, চলমান সহিংস রাজনৈতিক বিরোধ ও নানা কর্মসূচির তাৎক্ষণিকভাবে বড় ভুক্তভোগী হলো খেটেখাওয়া মানুষ, যাদের জীবিকা দৈনন্দিন আয়-রোজগারের ওপর নির্ভর করে। এটি একটি মানবিক সমস্যা। এ দেশে দুর্দশা কেবল দেশের ব্যবসা-বাণিজ্যের সার্বিক ক্ষতির অঙ্কের পরিমাণ দিয়ে মাপা যাবে না।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, হরতালে পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ার কারণে স্বাভাবিকভাবেই ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ক্ষতি কতটা পুষিয়ে নেওয়া যাবে, তা নির্ভর করবে এমন পরিস্থিতি কতটা দীর্ঘায়িত হয়, তার ওপর। বেশি দিন এ অবস্থা চললে শিল্প উৎপাদন, আমদানি-রপ্তানি, দ্রব্যমূল্য—সবকিছুর ওপরই নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের চলতি মূলধন আটকে গেলে আর্থিক খাতেও পরোক্ষ প্রভাব পড়বে। আর যে রাজনৈতিক অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়, তার ফলে একদিকে বিদেশি বিনিয়োগ আসবে না। অন্যদিকে দেশ থেকে পুজি পাচার বাড়বে। আর বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তির প্রশ্ন তো আছেই।

ওয়াহিদউদ্দিন মাহমুদের মতে, এমন সময় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে যখন এমনিতেই দেশের অর্থনীতিতে মন্দাভাব আছে। বিশেষত তৈরি পোশাক খাতে অস্থিরতা চলছে। সে কারণে অন্য সময়ের রাজনৈতিক অস্থিরতার তুলনায় এবারের অর্থনৈতিক ঝুকি অনেক বেশি।