ব্যাংকিং খাতে মানুষের বিশ্বাস ধরে রাখতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হলে তার ফল ভালো হয় না, যার প্রমাণ এই হলমার্ক কেলেঙ্কারি।ভোলা সদর উপজেলার ধনিয়া আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গতকাল সোমবার সাংসদ তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, হলমার্কের দুই হাজার ৬৬৮ কোটি টাকার কেলেঙ্কারি সোনালী ব্যাংকের বর্তমান পর্ষদকে দিয়ে তদন্ত করালে তা সঠিক হবে না। পর্ষদ ভেঙে দিয়ে যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে এটি পুনর্গঠন শেষে তদন্ত করা হলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। তোফায়েল আহমেদ বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দিলে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরবে। যাঁরা নিয়মনীতি মেনে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাঁরা যাতে আতঙ্কগ্রস্ত না হন, সেদিকেও সরকারকে লক্ষ রাখতে হবে। তোফায়েল আহমেদ আরও বলেন, বর্তমানে দেশের রিজার্ভ অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। অথচ এই অবস্থা নষ্ট করছে সোনালী ব্যাংকের মতো পরিচালনা পর্ষদ ও হলমার্কের মতো প্রতিষ্ঠানগুলো। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে সমেঞ্চলনে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারেফ হোসেন প্রমুখ।