রাজনৈতিকভাবে শক্তিশালীরাই জমি দখল করেন: উত্তরের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি দখল দুর্বল ও গরিব লোকজন করেন না। যাঁরা বড়লোক কিংবা রাজনৈতিকভাবে শক্তিশালী, তাঁরাই জমি দখল করেন। এভাবে দখল হতে থাকলে যতই বক্তৃতা দেওয়া হোক, জলাবদ্ধতা বন্ধ করা যাবে না।
গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯ নম্বর ওয়ার্ডে গণসচেতনতা সভায় মেয়র আনিসুল হক এসব কথা বলেন। ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে নাগরিক সমস্যা, অভিযোগ, পরামর্শ ও মতামত শুনতে ডিএনসিসি এ সভার আয়োজন করে। প্রথমবারের মতো আয়োজিত এ সভার উদ্দেশ্য সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে ওয়ার্ডবাসীকে সচেতন করা।
আনিসুল হক বলেন, রাজধানীতে ৫০টি খাল ছিল, এখন ২৫টিও নেই। দখল হতে হতে শেষ হয়ে গেছে। রাজনৈতিকভাবে প্রভাবশালীরা দখল করেন। ওয়ার্ড কাউন্সিলররা এখন রাজনৈতিকভাবে শক্তিশালী, সেটার অপব্যবহার যেন তাঁরা না করেন। তাঁদের প্রতিজ্ঞা করিয়েছি কোনো অন্যায় যেন না হয়।
গতকালের নাগরিক সভায় ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। সভার শুরুতেই ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম একটি তথ্যচিত্রের মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন তথ্য, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সেগুলোর সমস্যা এবং ওয়ার্ডে বিদ্যমান নাগরিক সমস্যার বর্তমান চিত্র তুলে ধরেন। কাউন্সিলর বলেন, পাঁচ একর জায়গার ওপরে সিটি করপোরেশনের গড়ে তোলা মোহাম্মদপুর কৃষি মার্কেটের অনেকাংশই বেদখল হয়ে আছে। সিটি করপোরেশনের এক শ্রেণির অসাধু কর্মচারীর যোগসাজশে এ দখল হচ্ছে বলে কাউন্সিলর দাবি করেন।
ওয়ার্ডের সব রাস্তার ভাঙাচোরা অবস্থা, জলাবদ্ধতা, উন্মুক্ত জায়গায় ময়লা-আবর্জনা ফেলে রাখা, নালা উপচে পড়া ময়লা, এলাকার পার্ক ও খেলার মাঠগুলোর বেহাল অবস্থাকে ওয়ার্ডের সমস্যা হিসেবে তিনি তুলে ধরেন। ১ দশমিক শূন্য ২৯ বর্গকিলোমিটার আয়তনের এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭১৩ জন। কিন্তু ওয়ার্ডে বাসিন্দা আছে দুই লাখের বেশি। তাদের একটি বড় অংশই আটকে পড়া পাকিস্তানি। এ ওয়ার্ডে আটকে পড়া পাকিস্তানিদের তিনটি ক্যাম্প আছে।
সভার প্রশ্নোত্তর পর্বে তিনজন আটকে পড়া পাকিস্তানি মেয়রকে উদ্দেশ করে বলেন, ক্যাম্পগুলোতে লোকজন মানবেতর জীবন যাপন করে। সব ধরনের সেবা থেকে তারা বঞ্চিত। ক্যাম্পের ভেতরে খোলা নালায় ময়লা উপচে পড়ে, ভাঙা রাস্তা, পানির সংযোগ নেই। ওয়ার্ডের বাসিন্দারা মেয়রের কাছে প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ, স্কুলের সামনে থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ, মশার উপদ্রব, সূচনা কমিউনিটি সেন্টারের ভাড়া পুনর্নির্ধারণ, খেলার মাঠ এবং পার্কগুলোতে হাঁটা ও বসার সুব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এসবের জবাবে মেয়র বলেন, ‘মেয়র ও কাউন্সিলররা একা এ শহর গড়তে পারবেন না। শহর গড়ার বড় শক্তি জনগণ। ঢাকাকে বদলাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সহযোগিতা পেলে তা দ্রুত হবে। ময়লা ফেলার আগে নিজেরা সচেতন হোন।’