রাজনৈতিকীকরণে ব্যাহত জঙ্গিবিরোধী কার্যক্রম
জঙ্গিবাদের হুমকিকে রাজনৈতিকীকরণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যার কারণে জঙ্গিবাদবিরোধী কার্যক্রম ব্যাহত হয়েছে। একদিকে রাজনৈতিক মেরুকরণ ঐতিহাসিকভাবে বাড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ছে স্থানীয় জঙ্গিদের। সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা ও ধর্মীয় সহিষ্ণুতার জন্য নতুন প্রকৃতির জঙ্গিবাদ হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।
বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক গবেষণা সংস্থা আইসিজি গতকাল বুধবার নিজেদের ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করেছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সহিংস সংঘাত এবং সংঘাত প্রতিরোধ, প্রশমন অথবা সমাধানের পথ অনুসন্ধানে মাঠপর্যায়ে গবেষণা করে থাকে।
গতকাল প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছে, বর্তমানে বাংলাদেশে জঙ্গি কার্যক্রমে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও আনসার-আল ইসলামের প্রভাব সবচেয়ে বেশি। ২০১৩ সালের পর থেকে ধর্মনিরপেক্ষ মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী ও বিদেশিদের ওপর হামলার পাশাপাশি সংখ্যালঘু ধর্মীয় ও জাতিগোষ্ঠীর ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এই হুমকিকে রাজনৈতিকীকরণ করেছে এবং এর সুযোগ নিয়ে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। এর ফলে জঙ্গিবিরোধী কার্যক্রম ব্যাহত হয়েছে।
বৈরী রাজনৈতিক পরিস্থিতিকে বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর রাজনৈতিক বিভক্তি তিক্তকর হয়ে ওঠে। এই বিভক্তি নতুন চেহারায় জঙ্গিবাদের উত্থানের পথ খুলে দিয়েছে। দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। এ ছাড়া খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আরও মামলার বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে।
এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে আইসিজি বলেছে, বিএনপিকে কোণঠাসা করে দেওয়া, দলটির মিত্র জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত করা এবং নির্বাচনে অংশগ্রহণে জামায়াতকে নিষিদ্ধ করায় গণতান্ত্রিক প্রতিযোগিতা অনেকাংশেই ব্যাহত হয়েছে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে রাজনীতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক বছরে জঙ্গি হামলাগুলোর পরে সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে প্রাথমিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। এই কৌশল প্রচুর সংখ্যায় জঙ্গিদের নির্মূল ও জঙ্গিগোষ্ঠীগুলোকে দুর্বল করে দিয়েছে। কিন্তু তারা (সরকার) গোয়েন্দা তথ্য সংগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। নিরাপত্তা কর্মকর্তাদের শঙ্কা, জঙ্গিবাদে কর্মী ও তহবিল সংগ্রহ এখনো অব্যাহত রয়েছে। বড় হামলাগুলোর পরে বিএনপি ও জামায়াতকে অভিযুক্ত করে আওয়ামী লীগ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।...গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরে কয়েক লাখ রোহিঙ্গা মুসলমানের বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টিও নিরাপত্তার ঝুঁকি বাড়িয়েছে। আইএস এবং পাকিস্তানি জঙ্গিরা রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি তুলে ধরে নিজেদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে।
জঙ্গিবাদের এই হুমকি মোকাবিলায় সরকারের প্রতি বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে শক্তিশালীকরণ করার পাশাপাশি রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে ক্রাইসিস গ্রুপ। প্রতিবেদনে বলা হয়েছে, ফৌজদারি আইন সংস্কার ও উন্নততর গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থা অবলম্বনের মাধ্যমে ‘কাউন্টার টেররিজম স্ট্র্যাটেজি’ নেওয়া উচিত বাংলাদেশের। এই হুমকি মোকাবিলায় বিরোধীদের দমনের পথ পরিহার করে সামাজিক ও রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।
বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান
বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের বিষয়ে আইসিজি বলেছে, আশির দশকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অর্থায়নে তিন হাজার বাংলাদেশি আফগানিস্তানে সোভিয়েতবিরোধী অভিযানে অংশ নেয়। ১৯৯২ সালে আফগানিস্তান-ফেরত মুফতি আবদুর রউফ, মাওলানা আবদুস সালাম ও মুফতি আবদুল হান্নান শেখ হরকাতুল জিহাদ আল-ইসলামি বাংলাদেশ (হরকাতুল জিহাদ) গঠন করেন এবং বাংলাদেশে ইসলামিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেন। মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী পার্বত্য চট্টগ্রামকেন্দ্রিক এই জঙ্গি সংগঠন রোহিঙ্গাদের মধ্যেও সহায়তার নামে কার্যক্রম সম্প্রসারিত করেছে। ১৯৯৯ সালে এই গোষ্ঠী কবি শামসুর রাহমানের ওপর হামলার ব্যর্থ চেষ্টা এবং যশোরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলা চালায়। যশোরের হামলায় ১০ জন নিহত হয়। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এই সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত হয় এবং মুফতি হান্নানের নেতৃত্বে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলে সংগঠনটি। ২০০৪ সালের মে মাসে এই গোষ্ঠীই বাংলাদেশে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালায়। একই বছর ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায় এই জঙ্গিগোষ্ঠী। ওই ঘটনায় ২০ জন নিহত হন, আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ অনেকে।
আইসিজির এই প্রতিবেদনের বেশির ভাগটার সঙ্গেই একমত বলে প্রথম আলোকে জানান নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মানুষের ভেতরে রাজনৈতিক বঞ্চনার বোধ থাকা ভয়াবহ বিষয়। এ বোধ তৈরি হলে সরকারের উদ্যোগগুলো সফল হবে না। তিনি আরও বলেন, এসব (জঙ্গি সংগঠনগুলো) আদর্শিক সংগঠন। এরা এ জীবনকে জীবন মনে করে না। পরিবারসহ জীবন দিতে প্রস্তুত। তাদের ঠেকাতে ভারসাম্যপূর্ণ পাল্টা মতবাদ (কাউন্টার ন্যারেটিভ) গড়ে তুলতে হবে। সবাইকে বুঝতে হবে যে সবাই ঝুঁকির মধ্যে রয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, একটি নিয়মিত গোষ্ঠীকে যদি রাজনীতি করার সুযোগ না দেওয়া হয়, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা পূরণ হয় উগ্র ডান অথবা বামপন্থী শক্তিগুলোর দ্বারা। এখন সারা পৃথিবীতে বামপন্থীরা একেবারে দুর্বল, এখন উগ্র ডানপন্থীদের সময়। বাংলাদেশেও এই ডান উগ্রবাদীদের উত্থান হচ্ছে। সরকার শক্তি প্রয়োগ করে জঙ্গিদের বিচ্ছিন্ন করতে পেরেছে কিন্তু নিবৃত্ত করতে পারেনি। প্রতিদিনই তো জঙ্গি ধরা পড়ার খবর শোনা যাচ্ছে।