রাজনৈতিকীকরণের কারণে উদীচী হত্যা মামলার সুষ্ঠু বিচার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিকীকরণের কারণে যশোরে উদীচীর সম্মেলনে হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। মামলার সব আসামি বেকসুর খালাস পেয়ে গেছে। গতকাল রোববার উদীচী ট্র্যাজেডির ১২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। যশোর টাউন হল মাঠের রওশন আলী স্মৃতি মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী হত্যা মামলা পুনঃতদন্ত আন্দোলন কমিটির আহ্বায়ক এস এম কামরুজ্জামান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ পীযূষ কান্তি ভট্টাচার্য, উদীচীর উপদেষ্টা কাজী আবদুস শহীদ, মুক্তিযোদ্ধা রবিউল আলম, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভানেত্রী হাবিবা শেফা, যশোর প্রেসক্লাবের সভাপতি একরাম-উদ-দৌলা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি কিরণ সাহা, উদীচী যশোর সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সোমেশ মুখার্জি।বক্তারা বলেন, যাঁরা বাঙালিত্বে-মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারাই সেদিন পরিকল্পিতভাবে উদীচীর জাতীয় সম্মেলনে বোমা হামলা চালিয়েছিল। হত্যাকাণ্ডের ১২ বছর পেরিয়ে গেলেও মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। সভায় বক্তারা মামলার পুনঃতদন্ত ও বিচারের দাবি জানান। উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলায় ১০ জন নিহত হয়। এ ঘটনায় তখন আদালতে মামলা করা হয়। যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত ২০০৭ সালে এই মামলার ২৩ জন আসামিকে বেকসুর খালাস দেন। রায়ের আগে উচ্চ আদালতের আদেশে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।