রাজপথ অবরোধের পক্ষে বিএনপির প্রচারপত্র বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাজপথ অবরোধ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেবেন। এ লক্ষ্যে গতকাল শনিবার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে সমাবেশ ছাড়াও প্রচারপত্র বিলি করেছেন। এ সময় দলের নেতারা অবরোধ সফল করতে নেতা-কর্মীদের পাশাপাশি জনগণের প্রতিও আহ্বান জানান।তবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের কর্মসূচি ঠেকাতে স্থানীয় আওয়ামী লীগ আজ মাঠে থাকবে না। তবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বরে একটি সমাবেশের মাধ্যমে কর্মসূচি সীমিত রাখবে। আজকের রাজপথ অবরোধ কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপি শনিবার দুপুরে কদমতলী বাসস্ট্যান্ডে সমাবেশ ও প্রচারপত্র বিলি করে। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি সামসুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর যুবদলও নগরের বিআরটিসি এলাকায় অবরোধের পক্ষে প্রচারপত্র বিলি করে। এ সময় সমাবেশে বক্তব্য দেন বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। জাতীয়তাবাদী ওলামা দল নগরের কোতোয়ালি এলাকায় সমাবেশ করে। এতে বক্তব্য দেন নগর বিএনপির সহসভাপতি সামসুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগরের বাইরে হাটহাজারী ও সীতাকুণ্ডেও বিএনপি সমাবেশ করে। হাটহাজারী আলীপুর উচ্চবিদ্যালয় মাঠে হাটহাজারী পৌর বিএনপি ও যুবদলের উদ্যোগে সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। আরও বক্তব্য দেন বিএনপির নেতা এস এম নাজিম উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদুল আলম, হাটহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আজম প্রমুখ।সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সহসভাপতি ইসহাক কাদের চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ইউনুচ চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে এখানেও প্রচারপত্র বিলি করেন বিএনপির নেতারা।এদিকে রাজপথে স্থানীয় আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি নিয়ে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। জানতে চাইলে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দারুল ফজল মার্কেট চত্বরে আমাদের সভা হবে। এই সভা থেকে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব।’