রাজপথ রক্তে ভাসিয়ে সরকারকে উৎখাতের হুমকি আমিনীর
বর্তমান সরকার নারী-পুরুষের সমান অধিকার চায়। ফতোয়া বন্ধ করতে চায়। কিন্তু ইসলামী আইন বাস্তবায়ন কমিটি তা হতে দেবে না। প্রয়োজনে রক্তে ভরে যাবে রাজপথ, তবুও সরকারকে এসব বাস্তবায়ন করতে দেওয়া হবে না।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল সোমবার আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতারা। দিনব্যাপী এ সম্মেলনে দেশের ৬০টি জেলা থেকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে আগামী ১৪ মে পল্টন ময়দানে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।সমাবেশে কয়েকজন বক্তা বলেন, লাখো তরুণ আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে। সরকার বেশি বাড়াবাড়ি করলে তাদের ক্ষমতা থেকে উৎখাত করা হবে। তখন পালানোরও পথ পাবেন না প্রধানমন্ত্রী ও তাঁর লোকজন।অনুষ্ঠানের সভাপতি ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘অতীতের আন্দোলনের কথা ভুলে যাবেন না। বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে সন্ত্রাসী উল্লেখ করে আমিনী বলেন, ‘আমরা এ দেশ স্বাধীন করেছি। লাখ লাখ তরুণ শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। বিএনপিকেও আমাদের প্রয়োজন নেই। আমরা একাই ক্ষমতায় যেতে পারব।’ আমিনী ইসলামী আন্দোলনের জন্য প্রত্যেক নাগরিককে লালবাগ মসিজদে ১০ টাকা করে চাঁদা দেওয়ার অনুরোধ জানান।সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ। তিনি বলেন, এ দেশের মানুষ ইসলাম ও শরিয়তের ওপর আঘাত মেনে নেবে না। প্রধানমন্ত্রী বলেছেন, সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রীর এ ঘোষণা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। সরকারকে সতর্ক করে মোহাম্মদ ওয়াক্কাছ বলেন, ‘ইসলামবিরোধী অবস্থান থেকে সরে না এলে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।’সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মদ ইসহাক, নেজামী ইসলামী পার্টির মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাস্তবায়ন কমিটির জুনায়েদ আল হাবিব, মুফতি ফয়জুল্লাহ, আবদুল করিম, শেখ লোকমান হোসাইন, ফজলুর রহমান, আহমদ আলী, আবদুল কাদের প্রমুখ।