জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগে দেশ বাঁচাতে হবে, তারপর রাজনীতি করতে হবে। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে কথা না বলে রাজপথে আন্দোলন করে দুর্ভোগ বাড়ানো ঠিক নয়। রংপুর টাউন হলে গতকাল রোববার মহানগর শ্রমিক কল্যাণ সংস্থা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। এরশাদ বলেন, ‘আমাকে স্বৈরাচার বলা হয়। এই স্বৈরাচার সরকারের আমলে জিনিসপত্রের দাম ছিল কম, তাই মানুষ শান্তিতে ছিল। আমি ক্ষমতায় থাকাকালে দেশের যে উন্নয়ন হয়েছে, তা কোনো সরকারের আমলে হয়নি।’ তিনি আরও বলেন, ‘মানি না মানব না’, রাজনীতিতে এ সংস্কৃতি বন্ধ না করলে কখনোই দেশের উন্নয়ন সম্ভব নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন ব্যবসায়ীদের কোনো নীতি নেই। মাছ ও ফলে দেওয়া হচ্ছে ফরমালিন, যা খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। মানুষকে ঠকিয়ে ব্যবসা করা ঠিক নয়। রংপুর পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রংপুর পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, শ্রমিক লীগের নেতা আবু তালেব প্রমুখ।