রাজপথে আন্দোলনের প্রস্তুতির আহ্বান খালেদা জিয়ার
সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা গতকাল শনিবার গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচিত বিএনপিপন্থী নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।এর আগে সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।তিউনিসিয়া, মিসরসহ বিশ্বের কয়েকটি দেশের সাম্প্রতিক গণ-অসন্তোষের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, একটি দেশের (তিউনিসিয়া) রাষ্ট্রপতি পালিয়ে গেছেন। আরও কয়েকটি দেশে সরকারের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমেছে। গণবিরোধী কাজ আর রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এই সরকারের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে।বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের দেশেও জনগণ কঠিন সময় অতিক্রম করছে। এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের ডাক দিলে এখন জনগণ রাজপথে নেমে আসবে। আপনারা আন্দোলনের জন্য প্রস্তুত হন।’ উপনির্বাচনে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।‘নীরব দুর্ভিক্ষ চলছে’: সকালে প্রতিনিধি সভায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। মানুষের শেষ আশ্রয়স্থল উচ্চ আদালতকেও সরকার নীলনকশার মাধ্যমে কলঙ্কিত করেছে।