রাজপথে আবর্জনার প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন
আনোয়ার হোসেন

‘পৃথিবীর আর কোনো রাজধানী পাইবেন, যেইখানে রাজপথের উপ্রে করপোরেশনের আবর্জনার ভাগাড় প্রদর্শন হয়? আমাগো এইখানে হইতাছে।’ রাজধানীর ফকিরাপুল বাজারের পাশে রাজপথে সিটি করপোরেশনের উপচে পড়া আবর্জনার কনটেইনারগুলো দেখিয়ে এমনই মন্তব্য করলেন স্থানীয় দোকানি সালমান হোসেন। রাস্তার ওপর আবর্জনার ভাগাড় রাখায় তাঁর মতো বিরক্ত এলাকার বাসিন্দা, পথচারী—সবাই।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ফকিরাপুল বাজার। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, বাজারের সামনের রাস্তায় পাশাপাশি তিনটি এবং দুই পাশে আরও কয়েকটি কনটেইনারের আবর্জনা উপচে পড়ছে। মাছের উচ্ছিষ্ট ও পশুর নাড়িভুঁড়ি মিলে একাকার। উৎকট গন্ধ ছড়াচ্ছে।
ফকিরাপুল ছাড়াও এই ওয়ার্ডে রয়েছে আরামবাগ, মতিঝিল ও দিলকুশা বাণিজ্যিক এলাকা ও বঙ্গভবন। রাষ্ট্রপতি এই ওয়ার্ডেরই ভোটার। এই ওয়ার্ডে রয়েছে যানজট, সরু ও খারাপ রাস্তাঘাট, জলাবদ্ধতা ও পানির কষ্ট।

মমিনুল হক
মমিনুল হক


আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক (সাঈদ নামে পরিচিত) গতকাল আরামবাগে ও ফকিরাপুল এলাকায় গণসংযোগ করেন। সকালে জনসংযোগ শেষে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকাবাসীকে নিয়ে ফকিরাপুলের বাজারের সামনের রাস্তায় আবর্জনার কনটেইনারগুলোর অবস্থান ঠিক করাসহ পরিবেশসহায়ক কাজ করবেন। আর বিএনপি-সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন বললেন রাজপথ থেকে আবর্জনার কনটেইনার সরিয়ে ভ্রাম্যমাণ কনটেইনারের মাধ্যমে আবর্জনা অপসারণের কথা।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নয়াপল্টন থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তায় দেখা যায় যানজট। এত রাতে যানজট, কারণ খুঁজতে গিয়ে দেখা গেল, ফকিরাপুল মোড়ে রয়েছে দূরপাল্লার বাসের অবৈধ স্ট্যান্ড। বিভিন্ন পরিবহন কাউন্টারের সামনে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও খুলনাগামী অন্তত ৪০টি বাস দাঁড়ানো। কোথাও দুটি সারি। এর ফলে অন্য গাড়িগুলো যেতে পারছে না।
স্থানীয় ইস্টার্ন হোটেলের কর্মচারী ও আশপাশের দোকানিরা জানালেন, এই যানজটের প্রধান কারণ হচ্ছে এসব বাস। ২০০৪ সালে বাসস্ট্যান্ডটি উঠিয়ে দেওয়া হলেও ছয় মাসের মধ্যে আবার গড়ে ওঠে। সেই থেকে চলছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মমিনুল হক বলেন, পরিবহনগুলোর পারমিট আছে কি না, তা দেখে সামাজিক আন্দোলনের মাধ্যমে তিনি বাসস্ট্যান্ডটি সরিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন। বিএনপির আনোয়ারও এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বললেন।
শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজ হয়ে হাতের ডানে আরামবাগ ঢুকলেই মনে হবে পুরান ঢাকার কোনো গলি। গলি পেরিয়ে আরামবাগ বালিকা বিদ্যালয়ের দিকে যাওয়ার রাস্তাটি আরও সরু। দেখা গেল, দুটি রিকশা পাশাপাশি চলতে পারে না। সেখান থেকে ফকিরাপুল যেতে হলে পড়তে হবে রিকশাজটে। ফকিরাপুলের গরম পানির গলিসহ আশপাশের রাস্তারও একই অবস্থা। দুটি এলাকাতেই বহুতল ভবন গিজগিজ করছে।
রাজউক অথরাইজড বিভাগের মতে, দুটি এলাকায় বেশির ভাগ ভবনই গড়ে উঠেছে হয় নকশার ব্যত্যয় ঘটিয়ে, নয়তো কোনো নকশা ছাড়াই। আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই প্রার্থীই বললেন, নির্বাচিত হলে রাস্তা বড় করার চেষ্টা করবেন।
ওয়ার্ডের পানির কষ্ট পুরোনো। আরামবাগের বাসিন্দা মনসুর আহমেদ জানালেন, আরামবাগ বালুর মাঠ মসজিদের কাছে গভীর নলকূপ বসানোর পর এলাকায় পানির সরবরাহ বাড়লেও এখন নতুন সমস্যা ময়লা ও গন্ধ। ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ বি এম কামরুল আলম চৌধুরী জানালেন, অনেক সময় অবৈধ সংযোগ নিতে গিয়ে পাইপ ফুটো করা হয়, এতে ময়লা ঢুকে পড়ে।
সেগুনবাগিচা বক্সকালভার্টের ভেতর কয়েক ফুট শক্ত বর্জ্য সৃষ্টি হওয়ায় পানিনিষ্কাশনে সেটি কোনো কাজ করে না। এতে বৃষ্টি হলেই আরামবাগ, ফকিরাপুলের অলিগলি জলাবদ্ধ হয়ে পড়ে। আরামবাগ থেকে কালভার্ট রোড হয়ে মতিঝিল ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার গলিতে যাওয়ার পথে দেখা গেল পানি জমে আছে। এলাকার পান দোকানি মফিজুর রহমান জানালেন, আগের বৃষ্টির পানির সঙ্গে নর্দমার পানি মিশে গন্ধ ছড়াচ্ছে।
দৈনিক বাংলার মোড় থেকে ফকিরাপুল পানির ট্যাংক ছাড়িয়ে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল যাওয়ার পুরো পথ ছিনতাইয়ের অভয়ারণ্যে রূপ নিয়েছে বলে অভিযোগ। স্থানীয়রা জানালেন, বৃহস্পতিবারও মোটরসাইকেলে করে এসে একজনের ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখানে প্রায়ই অস্ত্রের মুখে ছিনতাই হয়।
আরও যাঁরা প্রার্থী: স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মুকছেমুল হাকিম খান। বিএনপি থেকে মনোনয়ন দিলেও অসুস্থতার কারণে নির্বাচন করছেন না সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুকবুল আহমেদ আখন্দ। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। জাতীয় পার্টি থেকে এই ওয়ার্ডে কোনো প্রার্থীকে পাওয়া যায়নি।