রাজপথে আমরা নামবই: খালেদা
ক্ষমতাসীন সরকারকে ‘দুর্বল’ ও ‘অত্যাচারী’ আখ্যা দিয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থক প্যানেল থেকে নির্বাচিত ব্যক্তিরা গতকাল শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে দেখা করেন। এ সময় খালেদা জিয়া এ আহ্বান জানান।
এ সরকারের বিরুদ্ধে সময়মতো রাজপথে নামবেন জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘রাজপথে আমরা নামবই। যত বাধাবিঘ্ন দেওয়ার চেষ্টা করুক না কেন, যখন সময় আসবে আমরা রাজপথে নামবই, কেউ আটকাতে পারবে না।’
সুপ্রিম কোর্ট বারে নির্বাচিত ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেন, এ বিজয়ে সরকার মনঃক্ষুণ্ন। এখানে পরাজিত হয়ে সরকার তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে জবরদস্তি করে এর প্রতিশোধ নিচ্ছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টে দখল চলে না, এ জন্য তারা পারেনি। জবরদস্তি না করলে উপজেলায় এমন ভড়াডুবি হতো যে আওয়ামী লীগের মুখ দেখানোর অবস্থা থাকত না।
পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘অন্য একটি দেশের প্রতি তাদের (সরকার) এত দরদ যে মানুষ স্তম্ভিত হয়ে যায়। আমরা কোনো কিছুই পাই না। কিন্তু তারা যা চাচ্ছে সরকার তাই দিয়ে দিচ্ছে। দেশটা দেওয়ার বাকি, তাও হয়তো চাইলে দিয়ে দেবে।’
খালেদা জিয়া বলেন, ‘গত ৫ জানুয়ারির নির্বাচন ছিল তামাশা। সেখানে ভোট হয়নি। ভাগবাঁটোয়ারা হয়েছে। আমাদেরও ডেকেছিল। আমরা ভাগবাঁটোয়ারায় বিশ্বাস করি না। নির্বাচনে বিশ্বাস করি। এ জন্য যাইনি।’ তিনি আগামী দিনের আন্দোলনে আইনজীবীদের রাজপথে নামা এবং দলের কর্মীদের আইনি সহায়তা দেওয়ার জন্য বিশেষ শেল গঠনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।