দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজপথে দীর্ঘসময় অবস্থান করার পরিকল্পনা থাকায় বিএনপিকে জনসভা করার অনুমতি দেয়নি সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় ও গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিএনপি জনসভা করার সুযোগ পেলে টানা অবস্থান করবে বলে সরকারের কাছে খবর ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগের ‘জনতার মঞ্চ’-এর আদলে একটি মঞ্চ করারও পরিকল্পনা ছিল দলটির। খালেদা জিয়া সেই মঞ্চে লাগাতার অবস্থানের পরিকল্পনা করেছিলেন। দাবি আদায়ে সরকারকে সময় বেঁধে দেওয়ারও পরিকল্পনা ছিল তাঁর। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সহায়তায় দেশব্যাপী নাশকতা এবং কিছু উগ্র ডানপন্থী সংগঠনের তৎপরতায় সরকারকে অস্থিতিশীল করার চিন্তা ছিল।
নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হেফাজতের কায়দায় জনসভা এবং রাজপথে দীর্ঘ সময় অবস্থান করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিকল্পনা সম্পর্কে সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল। তাই জনসভার অনুমতি দেওয়া হয়নি।
সরকারের সূত্রমতে, আগামী মে মাসের মধ্যে নির্বাচন আদায়ে লন্ডনপ্রবাসী তারেক রহমান একটি পরিকল্পনা এঁটেছিলেন। খালেদা জিয়া এ সময়ের মধ্যে নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতাদের বলেছিলেন।