রাজপথে থেকে হরতাল প্রতিহতের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবির ও বিএনপির ডাকা তিন দিনের হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১৪ দল। এ জন্য জনগণের ‘জানমালের নিরাপত্তায়’ প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়নে সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতারা।সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডব এবং পুলিশ হত্যার প্রতিবাদে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ প্রায় ২২টি স্থানে ১৪ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসব বিক্ষোভ সমাবেশে হরতাল প্রতিহত করার ডাক দেওয়া হয়। সারা দেশে জেলা-উপজেলাতেও বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছিল। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, হরতালের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে মহাজোট সরকার দেশের জনগণকে সঙ্গে নিয়ে আইনগতভাবে তা প্রতিরোধ করবে। জামায়াতের সঙ্গে বিএনপির সখ্যকে ‘খোল্লাম খোল্লা’ সম্পর্ক উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা গণহত্যা দেখেননি। কারণ ৩০ লাখ মানুষ হত্যা, দুই লাখ মা-বোনের ইজ্জতহানিকে আপনারা কোনো দিন গণহত্যা বলেননি। পাকিস্তানি বাহিনীর বিশেষ মেহমান ছিলেন, আপনারা গণহত্যা দেখবেন কী করে? খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ঘর পোড়া যাচ্ছে আর আপনারা আলু পোড়া দিতে চান। বাংলার মানুষ তা করতে দেবে না। শাহবাগের তারুণ্যের সঙ্গে পারবেন না। তাদের যৌবনের টগবগে রক্ত, আপনি তাদের সাথে পারবেন না।’বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, খালেদা জিয়া বিরোধীদলীয় নেতার মতো আচরণ করেননি। তিনি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন। জামায়াত বিএনপির অঙ্গসংগঠন নয়, বিএনপি জামায়াতের লেজে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, শনিবার খালেদা জিয়া সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে থাকবেন। এবার দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা মানবতাবিরোধীদের পক্ষে না স্বাধীনতার পক্ষে থাকবে। হরতালে সবাইকে গাড়ি চালানোর ও দোকানপাট খোলা রাখার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘আমরা আপনাদের নিরাপত্তা দেব। জনগণ আপনাদের পাশে আছে।’ জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সঠিক কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আগামী তিন দিনের হরতাল প্রত্যাহারের আহ্বান জানান।