রাজপথে পরস্পর মারমুখী লাভের বেলায় ঐক্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের পানহাটের উত্তর পাশের মাঠে চলছে অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়ার আসর। রাস্তায় একে অন্যের বিরুদ্ধে মারমুখী অবস্থানে থাকলেও আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতা যাত্রাগানের নামে ঐক্যবদ্ধভাবে এসবের আয়োজন করেছেন বলে অভিযোগ আছে। এলাকাবাসী অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েও কোনো প্রতিকার পায়নি।
বাটাজোর ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্ষিতিস চন্দ্র পাল, সহসম্পাদক আবদুর রবসহ আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতা যাত্রাগানের অনুষ্ঠানের উদ্যোগ নেন।
যাত্রাগান পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্ষিতিশ চন্দ্র পাল জানান, প্রশাসনের অনুমতি নিয়ে ২৩ অক্টোবর থেকে তাঁরা যাত্রাগানের আয়োজন করেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, যাত্রাগানের নামে সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শন এবং ওয়ানটেন জুয়া ও ছয়গুটির জুয়া, হাউজি ও লাকি কুপনের রমরমা ব্যবসা চলছে। চন্দ্রহার গ্রামের আতাহার আলী, হারহর গ্রামের সমীর কুমার, জগদীস চন্দ্রসহ অনেকেই জানান, প্রতি রাতে কয়েক লাখ টাকার জুয়া খেলা চলছে। জুয়া খেলে বেশির ভাগ মানুষই নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। অশ্লীল নৃত্য দেখতে এবং জুয়ার অর্থ জোগাতে এলাকার অনেক তরুণ-যুবক নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছেন।
বাটাজোর গ্রামের জয়নাল আবেদীনসহ কয়েকজন জানান, অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধের জন্য তাঁরা কমিটির কাছে অনুরোধ জানালেও, তাঁদের কথার তোয়াক্কা করেননি কমিটির নেতারা। পরে স্থানীয় ব্যক্তিরা ২৫ অক্টোবর থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন জানান, এলাকাবাসীর অভিযোগের সত্যতা রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে যাত্রার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লাভলু সরদার বলেন, ‘আমি যাত্রার সঙ্গে সম্পৃক্ত নই।’ ক্ষিতিস চন্দ্র পাল জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগ অস্বীকার করে জানান, এটি মহলবিশেষের মিথ্যাচার।
বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম জানান, যাত্রাগানের নামে সেখানে কোনো অবৈধ কর্মকাণ্ড চলার অভিযোগ পেলে তা বন্ধ করে দেওয়া হবে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি জানান, যাত্রা বন্ধ করতে গত মঙ্গলবার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।