রাজপথে শোভাযাত্রা, মঞ্চে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সময়কে অতিক্রম করার অলৌকিক ক্ষমতা আছে থিয়েটারের। অতিসাম্প্রতিক উপাদানগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায় গত শতাব্দীর সব অর্জন। এমনকি চিরায়ত রেপার্টরিও নতুন মঞ্চায়নের সঙ্গে সঙ্গে আধুনিক জীবনঘনিষ্ঠ হয়ে ওঠে। থিয়েটার সর্বদাই তার জন্ম থেকে পুনর্জাত হয় নতুন এক মাত্রায়, নতুন এক অবয়বে। এভাবেই সে হয়ে ওঠে চিরায়ত।’
বিশ্ব নাট্য দিবসের বাণীতে ফরাসি খ্যাতিমান অভিনয়শিল্পী ইসাবেল হুপার এ কথাগুলো বলেছেন তাঁর ভাষায়। দিনটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আবার মিলিত হলাম এই বসন্তে—আমাদের সূচনাসভার পর থেকে দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে যেমন মিলিত হই বিশ্ব নাট্য দিবস উত্সবে। মাত্র একটি দিন, চব্বিশটা ঘণ্টা উত্সর্গিত সারা বিশ্বে থিয়েটার উত্সব পালনের উদ্দেশ্যে।’ ইসাবেল হুপারের বাণীটি বাংলায় অনুবাদ করেছেন আবদুস সেলিম।
উৎসবমুখর পরিবেশে বিশ্বের অন্যান্য দেশের মতো গতকাল সোমবার বাংলাদেশে উদ্যাপিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। ১৯৬১ সালে সারা বিশ্বে এটি উদ্যাপিত হয়। ১৯৮২ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর দিনটি উদ্যাপিত হয়ে আসছে।
গতকাল আনন্দ শোভাযাত্রা, প্রীতিসম্মেলন, আলোচনা, নাট্য দিবস সম্মাননাসহ নানা আয়োজনে অংশ নিয়ে নাট্যকর্মীরা কোরাস তুলেছেন ‘জয় হোক নাটকের’। যৌথভাবে বাংলাদেশে বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (বাংলাদেশ কেন্দ্র), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং পথনাটক পরিষদ।
শুরুতে ছিল আনন্দ শোভাযাত্রা। বেইলি রোড খ্যাত নাটক সরণির মহিলা সমিতির সামনে থেকে; যা স্বাধীনতা-পরবর্তী নাট্য আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে নাম করেছে। নানা নাট্যসামগ্রী, মুখোশের সঙ্গে কণ্ঠে গান নিয়ে নাট্যকর্মীদের এ শোভাযাত্রা এসে শেষ হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে এসে। এরপর ছিল প্রীতিসম্মিলনী।
বিশ্ব নাট্য দিবস সম্মাননা প্রদান করা হয় ব্রাজিলে নিযুক্ত সদ্য প্রয়াত বাংলাদেশের রাষ্ট্রদূত শিল্প-সমালোচক মিজারুল কায়েসকে। বিশ্ব নাট্য দিবস বক্তৃতা করেন নাট্যজন ইনামুল হক। আরও বক্তব্য দেন আইটিআইয়ের (বাংলাদেশ কেন্দ্র) সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী এবং পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা।
বিশ্ব নাট্য দিবসকে সামনে রেখে ফরাসি খ্যাতিমান অভিনেত্রী ইসাবেল হুপার এবং বাংলাদেশের আতাউর রহমান এ বছর পৃথক বাণী প্রদান করেছেন। যা অনুষ্ঠানে পাঠ করা হয়।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির প্রযোজনায় নৃত্যনাট্য দেবদাসী কমলা পরিবেশনার মধ্য দিয়ে বিশ্ব নাট্য দিবসের দিনব্যাপী আয়োজনের শেষ হয়।