রাজপথে সংবিধান পরিবর্তন করা যায় না: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু হেফাজতে ইসলামের আজ রোববারের ঢাকা অবরোধ কর্মসূচি প্রশ্নে বলেছেন, রাজপথে শক্তি প্রয়োগ করে সংবিধান পরিবর্তন করা যায় না। কেবল সামরিক জান্তারা এভাবে গায়ের জোরে সংবিধান বদল করে। তথ্যমন্ত্রী গতকাল শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আফরোজা হক রীনার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, আট মাস পর জাতীয় নির্বাচন। হেফাজতে ইসলামসহ রাজনৈতিক দলগুলোকে জনগণের ভোট নিয়ে সংসদে গিয়ে আইন পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, দেশে দুর্যোগের কারণে প্রধানমন্ত্রী হেফাজতের কর্মসূচি স্থগিত করতে বলেছিলেন। এতে সাড়া না দেওয়া দুঃখজনক। কর্মসূচি স্থগিতের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। সংলাপের দ্বার সব সময় খোলা। ইনশা আল্লাহ সংলাপে খালেদা জিয়াকে বসতেই হবে। এ সময় সেখানে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।