রাজপথে সাংবাদিক পেটাল পুলিশ
বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির বার্তা সম্পাদক গিয়াস আহমেদকে মারধরের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।তেজগাঁও অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপকমিশনার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবুও পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।দেশ টিভির পক্ষ থেকে বলা হয়, গত সোমবার বিকেলে গিয়াস আহমেদ গাড়িতে করে সোনারগাঁও মোড় অতিক্রম করছিলেন। কিন্তু দীর্ঘ সময় সোনারগাঁও ক্রসিংয়ে গাড়ি আটকে থাকার পর তিনি কর্তব্যরত কনস্টেবলের কাছে এর কারণ জানতে চান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যরা তাঁকে মারধর করেন এবং থানায় নিয়ে আটক করেন। পরে সাংবাদিকনেতারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাঁকে ছাড়িয়ে আনেন।তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কথাকাটাকাটির একপর্যায়ে গিয়াস আহমেদের সঙ্গে পুলিশ সদস্যের হাতাহাতি হয়। এরপর তাঁকে থানায় নেওয়া হয়।এ ঘটনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলমগীর এক বিবৃতিতে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।