রাজপথে ১০ কিলোমিটার দৌড় ২৮৯ নারীর

একই রঙের টি-শার্ট পরে কয়েক শ নারী দৌড়াচ্ছেন। ঢাকার রাজপথের দুই পাশে উৎসুক মানুষের ঢল। কয়েক শ স্বেচ্ছাসেবী নির্দেশনা দিচ্ছেন। পানি-তোয়ালে দিয়ে সহযোগিতা করছেন। পেছনে প্রস্তুত প্যারামেডিক ও মেডিকেল টিম আর অ্যাম্বুলেন্সও।
দুর্যোগ মোকাবিলায় এবং নারীর ক্ষমতায়নে অনুপ্রেরণা জোগাতে এই আয়োজন। গতকাল শুক্রবার দেশে প্রথমবারের মতো নারীদের ১০ কিলোমিটার দৈর্ঘ্যের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও বিভিন্ন পেশাজীবী মিলে ২৮৯ জন নারী এই ম্যারাথনে অংশ নেন। এর মধ্যে নির্ধারিত ১ ঘণ্টা ২৫ মিনিট সময়ের মধ্যে দৌড় শেষ করেন ২০৩ জন।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এভারেস্ট একাডেমি এই প্রতিযোগিতার আয়োজন করে। ‘যুবা নারী মিলেমিশে, দুর্যোগে লড়ব একসাথে’ প্রতিপাদ্যে আয়োজিত প্রতিযোগিতাটি পরিচালনা করে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন। ফেডারেশনের ২৫ জন সদস্য দৌড়ের বিচারক হিসেবে কাজ করেন।
আয়োজকদের ঘোষণা: ১৯৬৭ সালে বোস্টন ম্যারাথনে অংশ নেওয়া প্রথম নারী ম্যারাথন দৌড়বিদ ক্যাথরিন সুইজার ঢাকার এই নারী ম্যারাথনের অনুপ্রেরণা। পুরুষসর্বস্ব ওই দৌড়ে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন ক্যাথরিন। কিন্তু তিনি দমে যাননি।
ঢাকার ম্যারাথনে গতকাল প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আক্তার। তিনি ৪৮ মিনিট ২২ সেকেন্ডে ১০ কিলোমিটার দৌড় শেষ করেন। তাঁকে বিজয়ী ট্রফি, ৩০ হাজার টাকা ও সনদ দেওয়া হয়। মাত্র ৩ সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর সদস্য মেরুনা খাতুন। তৃতীয় হয়েছেন সেনাসদস্য স্মৃতি আকতার। তিনি সময় নিয়েছেন ৪৮ মিনিট ৩৫ সেকেন্ড। তাঁদের দুজনকে যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা, ট্রফি ও সনদ দেওয়া হয়। এ ছাড়া প্রথম ১০০ জনকে দেওয়া হয় পদক ও সনদ। অংশগ্রহণকারী সবাইকে সম্মাননা সনদ দেওয়া হয়।
সকাল সোয়া নয়টার দিকে টিএসসি থেকে ম্যারাথন শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন মোড়, সায়েন্স ল্যাব, আজিমপুর মোড়, পলাশী, ঢাকা মেডিকেল কলেজের ফটক, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, কদম ফোয়ারা, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, হলি ফ্যামিলি হাসপাতাল, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ইন্টারসেকশন ও শাহবাগ হয়ে আবার টিএসসিতে এসে শেষ হয়।
টিএসসিতে ম্যারাথন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘আজকের এ ম্যারাথনে অংশগ্রহণ করার মাধ্যমে দায়িত্ব শেষ নয়, বরং শুরু হয়েছে। প্রতিদিনই শারীরিক সুস্থতার জন্য তোমরা এর অনুশীলন করবে। দৈনন্দিন চর্চা করলে সুস্থ থাকা সম্ভব।’
এ সময় বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম প্রমুখ উপস্থিত ছিলেন।