রাজপথেই হেফাজতকে প্রতিহতের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৬ কোটি মানুষের অর্ধেকের বেশি নারী। সেই নারীদের অন্ধকারে ঠেলে দিয়ে, নারীর অগ্রযাত্রা রুদ্ধ করে দেশের উন্নয়ন করা কখনো সম্ভব নয়। নারীদের অবরুদ্ধ করার জন্য হেফাজত ১৩ দফা দিয়েছে। এ দেশের নারী সমাজ কখনো তা মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। নারী-পুরুষ মিলে রাজপথে থেকেই তাদের প্রতিহত করা হবে। গতকাল শনিবার বিকেলে রাজশাহীতে নারী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। হেফাজতে ইসলামের ১৩ দফা এবং ইসলাম ও সংবিধানবিরোধী বক্তব্যের প্রতিবাদে রাজশাহীর প্রতিবাদী নারী সমাজের ব্যানারে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী নারী সমাজের আহ্বায়ক ও মানবাধিকারকর্মী সালিমা সারোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারীনেত্রী রাশেদা খালেক, সাংসদ জিনাতুন নেসা তালুকদার, নারীনেত্রী আকতার জাহান, শহীদ জায়া চম্পা সমদ্দার প্রমুখ। সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন নারীনেত্রী শাহীন আকতার। নারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। তাঁরা নারী সমাজের দাবিকে ন্যায্য ও যৌক্তিক উল্লেখ করে তাঁদের আন্দোলনে সব সময় পাশে থাকার ঘোষণা দেন। সমাবেশে বক্তারা বলেন, হেফাজতের ১৩ দফা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। নারী-পুরুষ, ধর্ম-বর্ণনির্বিশেষে সমঅধিকারভিত্তিক সমাজ গঠন করতে হলে কখনোই হেফাজতের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তারা ১৩ দফা দাবির মধ্য দিয়ে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে। আর তাদের সমর্থন জোগাচ্ছে একটি রাজনৈতিক শক্তি।সমাবেশ থেকে হেফাজতের সমর্থনকারীদের প্রতি ধিক্কার জানানো হয়। সবাই মিলে হাতে হাত রেখে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, দেশের যে উন্নয়ন ও অগ্রযাত্রা, তা হচ্ছে নারীদের কল্যাণেই। আজ নারীরা যদি হাত গুটিয়ে নেয়, তবে দেশ অচল হয়ে যাবে। জীবন ও সমাজের প্রয়োজনে নারীরা ঘর থেকে বের হয়েছে। তাদের আর চার দেয়ালের মধ্যে অবরুদ্ধ করে রাখা সম্ভব নয়। বক্তারা হেফাজতের ১৩ দফাকে অবান্তর উল্লেখ করে তা প্রতিহত করার জন্য নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।