রাজপথের যাত্রা নির্বিঘ্ন করার আহ্বান সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথের যাত্রা নির্বিঘ্ন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় দেশবাসীর সঙ্গে তাঁরাও এখন উদ্বিগ্ন।

গতকাল রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আজকে দেখলাম আমাদের ভূমিমন্ত্রীর ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এভাবে দুর্ঘটনায় মানুষ মারা যায় এবং আহত হয়। যার কারণ হচ্ছে, আমরা আইনের ব্যবহার ও প্রয়োগ করতে পারছি না। কোনো অজুহাত না দিয়ে আইনের প্রয়োগ করতে হবেই। এই চ্যালেঞ্জ আমাদের সরকারকে গ্রহণ করতেই হবে।’ তিনি বলেন, ‘আমাদের রাজপথের যাত্রা নির্বিঘ্ন করতে হবে।’

বিএনপিকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘তাদের (বিএনপি) যে সমস্যা আছে, সেটা তাদেরই সমাধান করতে হবে। এবং আশা করব তাঁরা নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং সাংবিধানিক পথে রাজনীতি করবেন। করলে সরকারের পক্ষ থেকে সার্বিক সাহায্য-সহযোগিতা তাঁরা পাবেন। তাঁরা যে মিটিং করেছেন, আমরা কি সাহায্য দেই নাই, দিয়েছি।’ তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোনো পদ্ধতি নেই। সুতরাং নির্বাচনের জন্য এখন বিএনপিকে অপেক্ষা করতে হবে। গত সংসদ নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া ভুল করেছেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান, আওয়ামী লীগের নেতা হাসিবুর রহমান, আবদুল হাই, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।