রাজপুত্রের নাম জর্জ

ব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথির নাম রাখা হয়েছে জর্জ আলেকজান্ডার লুই। গতকাল বুধবার কেনসিংটন প্যালেস থেকে রাজপুত্রের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের ছেলে এখন থেকে হিজ রয়্যাল হাইনেস প্রিন্স জর্জ অব কেমব্রিজ নামে পরিচিত হবেন।
গত সোমবার ব্রিটিশ রাজপরিবারকে আনন্দে মাতিয়ে মিডলটনের কোল আলো করে আসে নতুন অতিথি—ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী।
‘ভবিষ্যৎ রাজার’ জন্মের প্রায় ৩৬ ঘণ্টা পর তাকে নিয়ে হাসপাতাল ছেড়ে কেনসিংটন প্যালেসে যান বাবা-মা। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল ছাড়ার সময় বাবা প্রিন্স উইলিয়াম বলেন, ‘যত দ্রুত সম্ভব’ ছেলের নাম রাখা হবে। গতকাল বুধবার ভবিষ্যত্ রাজাকে দেখতে কেনসিংটন প্যালেসে যান রানি দ্বিতীয় এলিজাবেথ।