রাজবন বিহারে কঠিন চীবরদান আজ শুরু
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবরদান আজ বৃহস্পতিবার থেকে রাঙামাটি রাজবন বিহারে শুরু হচ্ছে। দুই দিনের এই উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন রাঙামাটি এসে পৌঁছেছেন। উৎসবে বৌদ্ধদের এ তীর্থস্থানে লাখো মানুষের সমাগম ঘটে। উৎসব আয়োজক সূত্রে এসব কথা জানা গেছে।
সূত্র জানায়, বেলা তিনটায় বৌদ্ধ যুগের আদলে শুরু হবে কঠিন চীবরদানের আনুষ্ঠানিকতা। চরকায় সুতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করবেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়। বৌদ্ধ সাধকদের (ভিক্ষু) পরনের গেরুয়া রঙের কাপড়কে চীবর বলা হয়।
২৪ ঘণ্টার মধ্যে জুমে উৎপাদিত তুলা থেকে সুতা তৈরি, রং করা, নলিতে সাজানো, আদিবাসীদের বেইন (কোমর তাঁত) তৈরি, কাপড় বোনা ও কাপড়গুলো বিশেষ কায়দায় নির্দিষ্ট মাপে সেলাই করে চীবর তৈরি করা হয়। সবশেষে দলবদ্ধভাবে ধর্মীয় মর্যাদায় সেই কাপড় বৌদ্ধ সাধকদের দান করা হয়।
তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা সব বয়সের হাজার হাজার পুণ্যার্থী নারী-পুরুষ চীবর তৈরির কাজে অংশ নেন। অনুষ্ঠানস্থলসহ রাঙামাটি শহরের আদিবাসীদের বাড়িগুলোতে আত্মীয়স্বজনের আগমনে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীও অনুষ্ঠানে যোগ দেন।