রাজবন বিহারের কঠিন চীবরদান সম্পন্ন
পৃথিবীর সব প্রাণীর সুখ-সমৃদ্ধি, মঙ্গল কামনায় শেষ হলো বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান রাঙামাটি রাজবন বিহারের ৩৯তম কঠিন চীবরদান অনুষ্ঠান। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় ২৪ ঘণ্টার মধ্যে তৈরি চীবর বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে বৌদ্ধ সাধকদের হাতে তুলে দেন। রাঙামাটি রাজবন বিহার মাঠে অনুষ্ঠিত হয় কঠিন চীবরদানের সমাপনী অনুষ্ঠান। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বৌদ্ধ সম্প্রদায়ের কাছে পাঠানো পৃথক শুভেচ্ছাবাণীতে বুদ্ধের সাম্য, মৈত্রী ও অহিংস নীতির অনুসরণে দেশ গঠনের আহ্বান জানান। রাজবন বিহারের সংঘ প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বৌদ্ধধর্মাবলম্বীসহ উপস্থিত সবার উদ্দেশে বলেন, সকল হিংসা-বিদ্বেষ আর পাপকর্ম থেকে বিরত রেখে ত্যাগের মহিমায় সমাজ ও দেশের সুখ-শান্তি, মঙ্গল ও উন্নতির জন্য নিজেদের নিবেদিত রাখতে হবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। দেশের সব সম্প্রদায় নিজ নিজ ধর্ম-আচার যেন নির্বিঘ্নে পালন করতে পারে সরকারের সেদিকে দৃষ্টি রয়েছে। চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, গৌতম বুদ্ধ ও বনভান্তের নীতি ও বাণী অনুসরণ করলে সমাজে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান। প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাণী পড়ে শোনান রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা, প্রতিমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙামাটি জেলা প্রশাসক মোস্তফা কামাল, পুলিশ সুপার মাসুদ-উল হাসান, রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।