রাজবাড়িতে নির্মিত হচ্ছে আইনজীবীদের ক্যানটিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজার বাড়িতে ক্যানটিন নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা আইনজীবী সমিতি। এ জন্য বেশ পুরোনো একটি গাছ কেটে চারপাশে দেয়াল নির্মাণ করা হয়েছে। এ জন্য জেলা প্রশাসকের অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন আইনজীবী সমিতির সভাপতি।
তবে জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম বলেন, আইনজীবীদের কয়েকজন নেতা কিছুদিন আগে তাঁর কাছে এসে মৌখিকভাবে একটি অস্থায়ী ক্যানটিন নির্মাণ করার কথা জানান। তবে তাঁদের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শতবর্ষের পুরোনো ভাওয়াল রাজার বাড়ি, যা রাজবাড়ি হিসেবে পরিচিত। বর্তমানে ওই রাজবাড়িতে রয়েছে জেলা প্রশাসনের কার্যালয়, আদালতসহ সরকারি বিভিন্ন দপ্তরের কার্যালয়। ওই রাজবাড়ির ভেতরে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পাশের খোলা জায়গায় রাজবাড়ির সৌন্দর্য নষ্ট করে ক্যানটিন তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে ক্যানটিন তৈরির বেশির ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজবাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন। সেটি সংরক্ষণ করে দেশ-বিদেশের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। কিন্তু জেলা প্রশাসনের স্থায়ী জায়গা না থাকায় সেখানে প্রশাসনিক কাজ চলছে। সেই স্থানকে সংরক্ষণ না করে নতুন স্থাপনা তৈরি করা খুবই দুঃখজনক।
রাজবাড়িসহ জেলার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের গাজীপুরের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাহিদ পারভেজ বলেন, কোনো অবস্থাতেই রাজবাড়ির ভেতরে স্থাপনা তৈরি করা যাবে না। সেখানে স্থাপনা তৈরির বিষয়টি তাঁদের জানানো হয়নি। অবৈধ স্থাপনার নির্মাণকাজ বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে আইনজীবী সমিতির সভাপতি আবদুস সোবাহান বলেন, আইনজীবীদের জন্য আগের ক্যানটিনটি বন্ধ করে সেখানে নারী আইনজীবীদের কমনরুম করা হয়েছে। তাই এখন কোনো ক্যানটিন না থাকায় ওই স্থানে নতুন একটি ক্যানটিন তৈরি করা হচ্ছে। এ জন্য অনুমতিও নেওয়া হয়েছে।